ঢাকায় ৩৬০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে, প্রধান জামাত সকাল ৮টা ৩০ মিনিটে
পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে ধর্মপ্রাণ মুসলমানদের সুবিধার্থে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ঢাকার ৯০টি ওয়ার্ডে ৩৬০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে।
জাতীয় ঈদগাহ ময়দান, বায়তুল মোকাররম মসজিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ছাড়াও বিভিন্ন মসজিদ, মাঠ ও ঈদগাহ ময়দানে এসব জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রতিটি ওয়ার্ডের চারটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্যবৃন্দ ছাড়াও বিদেশি কূটনীতিক এবং তাদের পত্নীদের জন্যে এই ঈদগাহে নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
তথ্য বিবরণীতে জানানো হয়, অনুকূল আবহাওয়া থাকলে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টা ৩০ মিনিটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত হবে বায়তুল মোকাররম মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে।
ডিসিসি জানায়, হাইকোর্টসংলগ্ন ঈদগাহ ময়দানে ওজুর পানি সরবরাহ ও ভ্রাম্যমাণ গণশৌচাগারের ব্যবস্থাও করা হয়েছে।
ঈদ উপলক্ষ্যে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা ও ঈদ মোবারক (বাংলা ও আরবীতে) লেখা ব্যানার দিয়ে বনানী ঢাকা গেট হতে বঙ্গভবন পর্যন্ত পধান সড়ক ও সড়ক দ্বীপ সজ্জিত করা হবে।
রেডিও বাংলাদেশ ও বাংলাদেশ টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান প্রচার ও সংবাদপত্রে বিশেষ সংখ্যা প্রকাশিত হবে।
