২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের গয়েরপাড়া সীমান্তে মঙ্গলবার রাত ১টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 12:51 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

নিহত বাংলাদেশীর নাম জাহিদুল ইসলাম।

এলাকাবাসী সূত্র জানায়, নিহত ওই বাংলাদেশী যুবক পদ্মা নদীতে মাছ ধরতে গেলে ভারতের মুর্শিদাবাদের জলাঙ্গী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে লাশ নিয়ে চলে যায়।

তবে এ ব্যাপারে বিএসএফ’র পক্ষ থেকে বিডিআরকে বলা হয়েছে, জাহিদুল অবৈধভাবে সীমান্তের ১৫৭ নং মেইন পিলার থেকে দুই কিলোমিটার ভারত অভ্যন্তরে প্রবেশ করেছিল।

বিএসএফ এখনও নিহত বাংলাদেশীর লাশ ফেরত দেয়নি।

এদিকে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কাজীপাড়া সীমান্তে কুষ্টিয়া সেক্টরের বিডিআর জওয়ানদের সাথে ফেন্সিডিল চোরাকারবারীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

৯-রাইফেল ব্যাটালিয়নের ক্যাপ্টেন রেফায়েতের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানের সময় চোরাকারবারীরা তাদেরকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। বিডিআরও পাল্টা গুলি বর্ষণ করলে চোরাকারবারীরা পালিয়ে যায়।

এসময় বিডিআর এক চোরাকারবারীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে।

বিডিআর ঘটনাস্থল থেকে একশ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।