শারজায় কর্মরত এশিয় শ্রমিকদের ভয়াবহ অবস্থা
সংযুক্ত আরব আমিরাতের শারজায় একটি গার্মেন্টস কোম্পানীতে কর্মরত বাংলাদেশ ও অন্যান্য এশিয় শ্রমিকরা তাদের নিয়োগদাতাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে।
দুই মাসেরও বেশি সময় ধরে মজুরী না দিয়ে জোর করে কাজ করানো এবং শ্রমিকদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে তারা নিয়োগদাতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছে।
শারজাহর নুর গার্মেন্টস কোম্পানীতে কর্মরত শ্রমিকদের মধ্যে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও পাকিস্তানীদের সংখ্যাই বেশি। মালিকপক্ষ বেতন না দেওয়ায় দুইমাস পূর্বে তারা কাজ বন্ধ করে দেয়। শ্রমিকরা অভিযোগ করে, মালিকপক্ষ বিল না দেওয়ায় ক্যান্টিন কনট্রাকটর তাদের খাবার বন্ধ করে দিয়েছে। সোমবার খালিজ টাইমস এই শ্রমিকের উদ্ধৃতি দিয়ে জানায়, এখন আমাদের কোন খাবারও নেই। খাবারের জন্যে আমাদেরকে দুবাইয়ের শ্রীলংকান কনস্যুলেটের সহায়তার ওপর নির্ভর করতে হচ্ছে।
অপর এক শ্রমিক অভিযোগ করে, পৌর কর্তৃপক্ষকে বিল না দেওয়ায় তাদের পানির লাইনও বন্ধ করে দেওয়া হয়েছে।
এক মহিলা শ্রমিক জানায়, স্থানীয় এক আদালতে শিগগির তাদের বেতন-ভাতা সম্পর্কিত মামলার শুনানী হবে বলে ধারণা করা হচ্ছে। আমরা আশা করছি এতে একটি মিমাংসায় পৌঁছা সম্ভব হবে এবং নিয়োগদাতারা আমাদের বেতন দেওয়ার পাশাপাশি দেশে পাঠানোর ব্যবস্থা করবে।
