সীমান্তে সংযত থাকার জন্য ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান
সীমান্তে বিএসএফ যাতে বাংলাদেশীদের ওপর গুলি না ছোঁড়ে, সেজন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। কেউ সীমান্ত অতিক্রম করলে গুলি বর্ষন না করে সীমান্ত আইন অনুযায়ী আইনি পদক্ষেপ নিতে বলা হয়।
ভারতের সাথে দ্বিপক্ষীয় বৈঠক শেষে বাংলাদেশে ফিরে স্বরাষ্ট্র সচিব সফররাজ হোসেন জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান।
তিনি আরও জানান, বৈঠকে ভারতে আশ্রয় গ্রহণকারী বাংলাদেশী সন্ত্রাসীদের একটি তালিকা ভারতের কাছে হস্তান্তর করা হয়। অন্যদিকে ভারত বাংলাদেশে অবস্থানকারী ভারতের সন্ত্রাসীদের একটি তালিকা বাংলাদেশের কাছে হস্তান্তর করে।
সফররাজ হোসেন জানান, আগামী ১২ ও ১৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনের পর এ তালিকা পর্যালোচনা করা হবে। তবে তালিকায় উল্লেখিত সন্ত্রাসীর সংখ্যা বলতে তিনি অস্বীকৃতি জানান।
তিনি আরও জানান, বৈঠকে কারাদন্ডপ্রাপ্ত বন্দি এবং অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধে বিচারাধীনদের আইনি সহায়তা দেওয়ার বিষয়টি আলোচিত হয়।
তিনি তিন বিঘা করিডোর ১২ ঘন্টার পরিবর্তে ২৪ ঘন্টা খোলা রাখতে দাবি জানান। তিনি সাংবাদিকদের আরও জানান, অস্ত্র, বিস্ফোরক, ফেনসিডিল ও অন্যান্য মাদকের চোরাচালান রোধে ব্যবস্থা গ্রহণ করতে দুপক্ষই একমত হয়।
