শেরপুরে পুলিশের ক্রসফায়ারে ডাকাত সর্দার নিহত
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গাহেকপাড়া এলাকায় রোববার রাতে পুলিশের ক্রসফায়ারে ডাকাত সর্দার বদর উদ্দিন নিহত হয়েছে।
পুলিশ জানায়, ডাকাত সর্দার বদরকে পুলিশ শনিবার রাত সাড়ে ৯টার দিকে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের পাহাড়ী পল্লী কালাকুমা থেকে দেশে তৈরি বন্দুক, ছয় রাউণ্ড গুলি, নগদ ১৮ হাজার পাঁচশ’ টাকা, একটি মোবাইল সেট এবং ১০০ সিসির একটি মোটর সাইকেলসহ বিডিআর সদস্যরা আটক করে।
পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
সে পুলিশের কাছে তার সহযোগী ও অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়।
বদরের স্বীকারোক্তি মোতাবেক নালিতাবাড়ী থানা পুলিশ তাকে সাথে নিয়ে রোববার রাত সোয়া ৩টার দিকে ওই স্থানে অস্ত্র উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেপ্তার করতে যায়।
সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা বদরের ১৫/২০ জন সহযোগী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় বদর পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়।
পুলিশ তাকে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বন্দুকযুদ্ধের সময় সন্ত্রাসীদের গুলিতে পুলিশ কনস্টেবল মফিজুর রহমান (নং ২১৫) আহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি চাপাতি, একটি রিভলভার, তিন রাউণ্ড গুলি এবং কিছু গুলির খোসা উদ্ধার করে।
নিহত ডাকাত সর্দার বদর উদ্দিনের বিরুদ্ধে হত্যাসহ প্রায় ১২টি মামলা রয়েছে।
