ডেঙ্গু রোগির সঠিক পরিসংখ্যান সরকারের কাছে নেই
চলতি মৌসুমে ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগির সঠিক তথ্য সরকারের কাছে নেই।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যের সাথে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) তথ্যের রয়েছে বিশাল ফাঁরাক। ফলে প্রকৃত ডেঙ্গু রোগির সংখ্যা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রাকৃতিক দূর্যোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলতি বছর সারাদেশে মোট ৮২৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে।
এরমধ্যে শুধুমাত্র ঢাকাতেই আক্রান্তের সংখ্যা প্রায় ৮১৫ জন। এ সময় ঢাকায় ডেঙ্গু রোগে দুজনের মৃত্যু হয়।
তবে ঢাকা ও খুলনা ছাড়া অন্য কোনো বিভাগীয় শহরে ডেঙ্গু রোগে আক্রান্তের কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে ডিসিসি’র রেকর্ড অনুযায়ী চলতি মৌসুমে ঢাকায় ডেঙ্গু রোগির সংখ্যা ছিলো মাত্র ২২ জন।
ডিসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার ঢাকায় পাঁচজন ডেঙ্গু রোগির সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে সেন্ট্রাল হাসপাতালে একজন, ইবনে সিনায় তিন জন এবং বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে একজন রয়েছেন।
এর আগে বিভিন্ন হাসপাতালে ১৭ জন রোগি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে চারজন চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
তবে স্বাস্থ্য অধিদপ্তরের প্রাকৃতিক দূর্যোগ নিয়ন্ত্রণ কেন্দ্র জানায়, রোববার ঢাকায় তিন জন ডেঙ্গু রোগির সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছর মোট ৮২৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে ঢাকায় ৮১৫ জন, খুলনায় সাত জন, যশোরে চার জন এবং জয়পুরহাটে একজন রয়েছেন। ঢাকায় আক্রান্তদের মধ্যে দুজনের মৃত্যু হয়।
ডিসিসি’র সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ডিসিসি ডেঙ্গু রোধ ও এডিস মশা নিধনে বিভিন্ন এলাকায় তাদের লার্ভিসাইডিং এবং এডাল্টিসাইডিং কার্যক্রম জোরদার করেছে। এতে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে মোহাম্মদপুর, ধানমণ্ডি এবং ডেমরা এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
