সার্ক উপলক্ষে রাজধানীকে আবারো সাজানো হচ্ছে, দায়িত্ব ৮৩টি সংস্থার
আগামী ১২ ও ১৩ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে আবারো ঢাকা মহানগরীর সৌন্দর্য বৃদ্ধির কাজ শুরু হয়েছে।
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ইতিপূর্বে নগরীর বিভিন্ন সড়কের সৌন্দর্য বৃদ্ধির দায়িত্ব পাওয়া ৮৩টি প্রতিষ্ঠানকেই আবারো ওই কাজের দায়িত্ব দিয়েছে। তবে এ জন্য ডিসিসি নতুন করে তাদের কোনো অর্থ দেবে না।
রোববার নগর ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সব তথ্য জানানো হয়। ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে নগর সৌন্দর্য বর্ধণ ও জরুরি সেবা সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকা।
এতে মেয়র খোকা জানান, সার্ক সম্মেলন উপলক্ষে ১১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত তিনদিন ঢাকার বিভিন্ন সড়ক, সড়ক দ্বীপ ও সড়কের আশেপাশের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে আলোকসজ্জা করা হবে।
বিদ্যুতের সংকট সত্বেও আলোকসজ্জার সিদ্ধান্ত সম্পর্কে মেয়র বলেন, এ জন্য বিদ্যুতের তেমন ব্যবহার হবে না। কারণ এসব বাতি জ্বালাতে খুব বেশি বিদ্যুত খরচ হয়না।
বিভিন্ন সড়কে কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে কারো ছবি না টানানোর জন্য অনুরোধ জানিয়ে সভায় বলা হয়, এ বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। তারাই এ কাজটি করবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র জানান, সার্ক সম্মেলন সংশ্লিষ্ট এলাকায় বর্তমানে কোনো বস্তি নেই। তবে যদি কোথাও বস্তি থাকে, তা সম্মেলনের আগেই উচ্ছেদ করা হবে। একই সাথে ওইসব এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
তিনি সার্কে সম্মেলনের আগে সকল সংস্থাকে সমন্বয় করে একসাথে কাজ করার আহ্বান জানান।
