২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সম্মেলনের ভেন্যুসহ সংশ্লিষ্ট স্থানগুলোর এক কিলোমিটার জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়

নভেম্বরে ঢাকায় সার্ক সম্মেলনের ভেন্যু, নেতৃবৃন্দের আবাসন স্থান এবং যেসব এলাকা দিয়ে রাষ্ট্রপ্রধানরা চলাফেরা করবেন, তার এক কিলোমিটার এলাকা জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 06:18 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শনিবার সিরিজ বোমা হামলার পর ঢাকায় অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলনকালে যেন কোনও ধরনের নাশকতামূলক আক্রমণ না হয়, তা প্রতিরোধে নতুন এই নিরাপত্তা চাদর গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এই বৃত্তাকার নিরাপত্তা বলয়ের প্রতিটি গুরুত্ব্পূর্ণ পয়েন্টে মোতায়েন করা হবে অতিরিক্ত চৌকষ নিরাপত্তারক্ষী।

আর এ লক্ষ্যে রোববারের মধ্যেই নতুন নিরাপত্তা নেটওয়ার্কের জন্য ‘নিড এসেসমেন্ট’ করার জন্যে বলা হয়েছে পুলিশ ও র‌্যাবকে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক আবদুল কাইয়ুম, ডিএমপি কমিশনার এসএম মিজানুর রহমান, র‌্যাব এর মহাপরিচালক আবদুল আজিজ সরকার ও র‌্যাব গোয়েন্দা উইং এর পরিচালক গুলজার আহমেদ এবং ডিএমপি’র চারটি জোনের উপ-পুলিশ কমিশনারগণ (ডিসি)।

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, রোববারের মধ্যে ‘নিড এসেসমেন্ট’ করে আগামী ১ থেকে ২ তারিখের মধ্যেই রাজধানী ঢাকাকে নিরাপত্তা চাদরে মুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

‘আজ আমরা আমাদের নিড এসেসমেন্ট করবো। গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত এবং আরও কতো অতিরিক্ত পুলিশ প্রয়োজন, সে সংখ্যা নির্ধারণ করবো,’ বৈঠকে উপস্থিত একজন পুলিশ কর্মকর্তা বলেন।

বৈঠকে উপস্থিত অপর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নতুন এই সিদ্ধান্তের আওতায় কমপক্ষে ২০ থেকে ২২ হাজার পুলিশ সদস্য প্রয়োজন। বর্তমানে সার্ক উপলক্ষে ঢাকায় ৯ থেকে ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকার বাইরে থেকেও পুলিশ আনা হয়েছে। নতুন সিদ্ধান্তের আওতায় ঢাকার বাইরে থেকে আরও পুলিশ আনতে হবে।’

এর আগে ১৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সার্ক নিরাপত্তা বিষয়ক সভায় সম্মেলনকালীন নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিডিআর, আনসার, এসএসএফ, পিজিআর ও সাদা পোশাকের পুলিশসহ ঢাকায় ২০ হাজার পুলিশ ও ১,৩০০ র‌্যাব সদস্য মোতায়েন করার কথা বলেছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তাছাড়া ঢাকার বাস, লঞ্চ, রেলস্টেশনসহ আশপাশের নৌপথ ও আকাশ পথে টহল দেওয়ার জন্যে র‌্যাব’র এয়ার উইং ও কোস্টগার্ড মোতায়েন এর সিদ্ধান্তও নেয়া হয়েছিলো।

এদিকে আসন্ন সার্ক সম্মেলন উপলক্ষে ঢাকা শেরাটন হোটেলে অতিথিদের জন্যে নবনির্মিত সাতটি প্রেসিডেন্টশিয়াল স্যুট সুসজ্জিতকরণ সম্পন্ন হয়েছে। এখানে অতিথিদের নিরাপত্তার জন্যে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। এছাড়া বিমান বন্দর, চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্র ও শেরাটন হোটেলের নিরাপত্তার দায়িত্বে থাকবে এসএসএফ ও পিজিআর।

সম্মেলনের সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকদের থাকার ব্যবস্থা করা হয়েছে সোনারগাঁও হোটেলে। এখানে স্থাপন করা হয়েছে একটি মিডিয়া সেন্টার।

রোববারের সভায় উঠতি সন্ত্রাসী, চরমপন্থী ও ইসলামী জঙ্গিদের বিষয়ে আরও সতর্ক থাকার বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশের যেসব শীর্ষ সন্ত্রাসী দেশের বাইরে অবস্থান করছে, তাদের বিষয়েও কড়া নজরদারি রাখার জন্যে বলা হয়েছে গোয়েন্দা সংস্থাগুলোকে।

তাছাড়া মহানগরীর চিহ্নিত আবাসিক হোটেল, বস্তি, রেস্ট হাউস এবং চিহ্নিত অপরাধপ্রবণ এলাকাসমূহে নিয়মিত তল্লাশি চালানোর জন্যে পুলিশ ও র‌্যাবকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।