নেত্রকোনায় ডায়রিয়ায় ৫ শিশুসহ ৭ জনের মৃত্যু
নেত্রকোনা জেলায় ডায়রিয়ার প্রাদুর্ভাব ব্যাপক হয়ে উঠছে। গত ১৫ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেলায় সাত জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন-দুর্গাপুর উপজেলার গোয়াতলা গ্রামের সুমন (৬), চণ্ডিগড় গ্রামের হালিমা (৩), মদন উপজেলার দক্ষিণপাড়া গ্রামের চায়না (৬), কাইটাইল গ্রামের হাতিয়া (১১), নায়েকপুর গ্রামের লেইচ মিয়া (৪১), নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়ার সাথী (২) এবং পূর্বধলার লক্ষ্মীপুর গ্রামের সাহেদ আলী (৫০)।
গত চব্বিশ ঘণ্টায় জেলায় দু’শতাধিক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তবে সিভিল সার্জন অফিস সূত্রে জানানো হয়, জেলার বিভিন্ন হাসপাতালে ৪০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
গত এক মাসে জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে তিন হাজার তিনশ’ ৫৪ জন। তবে বেসরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হবে। এর মধ্যে দুর্গাপুর ও মদন উপজেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, ডায়রিয়া প্রতিরোধের জন্য জেলায় দশটি উপজেলায় ১৪৯ টি মেডিক্যাল টিম কাজ করছে। তবে বিভিন্ন উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে খোঁজ নিয়ে জানা গেছে, এসব এলাকায় আদৌ কোনও টিম পৌঁছেনি।
