আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি: বাগেরহাট বাসস্ট্যান্ডে বোমা বিস্ফোরণ ঘটায় মোল্লাহাটের আবু তালেব
বাগেরহাট বাসস্ট্যান্ডে গত ১৭ আগস্ট বোমা স্থাপন করেছিলো মোল্লাহাটের ফল বিক্রেতা ও জেএমবি সদস্য আবু তালেব (৩২)।
শনিবার পুলিশ রিমান্ডের তৃতীয় দিনে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে এ কথা স্বীকার করেছে। এ নিয়ে এ বোমা মামলার পাঁচ আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলো।
র্যাব ৬ এর সদস্যরা ১৭ অক্টোবর গোপালগঞ্জ থেকে আবু তালেবকে আটক করে। গোপালগঞ্জ পুলিশ প্রথম দফায় জিজ্ঞাসাবাদ করার পর বাগেরহাট পুলিশ তাকে গত ২৭ অক্টোবর বাগেরহাট নিয়ে আসে। ওই দিনই তাকে সাত দিনের রিমান্ডে নেয়া হয়। শনিবার রিমান্ডের তৃতীয় দিনে তালেবকে ম্যাজিস্ট্রেট সরোজ কুমার নাথের আদালতে হাজির করা হলে সে জবানবন্দি দিতে সম্মত হয়। পরে ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি লিপিবদ্ধ করেন।
বাগেরহাটে ১৭ আগস্টের বোমা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোফাজ্জেল হোসেন জানান, তালেব বাগেরহাট বাসস্ট্যান্ডে বিস্ফোরিত বোমাটি পেতে রেখেছিলো বলে আদালতে স্বীকার করেছে। জেএমবি নেতা শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান বাংলাভাই এর অনুসারী তালেব তাদের নির্দেশনা অনুযায়ী এই বোমা মিশনে অংশ নেয়। সে বলেছে, এই বোমা স্থাপন করতে পথ খরচা হিসেবে দলের পক্ষ থেকে তাকে দু’শ’ টাকা দেওয়া হয়েছিলো।
পুলিশ জানায়, জবানবন্দিতে সে অপর ছয় বোমা স্থাপনকারী এবং তাদের বোমা সরবরাহকারী জনৈক সাব্বিরের নাম বলেছে বলে পুলিশ জানায়।
ওই দিন বাগেরহাট বাসস্ট্যাণ্ড, আদালত ও জেলা কালেক্টরেট চত্বরসহ শহরের সাতটি পয়েন্টে জেএমবি জঙ্গিরা বোমা পেতে রাখে। এর মধ্যে ছয়টি বোমা বিস্ফোরিত হয়।
আবু তালেব মোল্লাহাটের গাওলা গ্রামের মোফাজ্জেল শেখের পুত্র এবং ঢাকায় গ্রেপ্তারকৃত (খুলনায় বোমা স্থাপনকারী) জঙ্গি কিশোর শহিদুলের বড় ভাই। মোল্লাহাট থানার মোড়ে তার একটি ফলের দোকান রয়েছে।
সূত্র জানায়, সে ২০০১ সালের ২৩ সেপ্টেম্বর মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন এমপি’র নির্বাচনী জনসভায় বোমা হামলা মামলারও অন্যতম আসামি। ওই বোমা হামলায় আট জন নিহত এবং অর্ধ শতাধিক আহত হয়েছিলো। তবে জবানবন্দিতে সে মোল্লাহাটের ওই বোমা হামলা সম্পর্কে কিছু বলেছে কি না, তা জানা যায়নি।
