গোপালগঞ্জে পাচারকালে ১০ টন ধানবীজ আটক
গোপালগঞ্জের বিএডিসির গুদাম থেকে শুক্রবার গভীর রাতে পাচারকালে ১০ টন ধানবীজ আটক করেছে পুলিশ। পুলিশ এ সময় ট্রাকের হেলপার ফজল শেখকে গ্রেফতার করেছে।
স্থানীয়রা জানায়, গভীর রাতে বিএডিসির গুদাম থেকে ধানবীজ ট্রাকে তোলার সময় তাদের সন্দেহ হলে তারা বাধা প্রদান এবং জিজ্ঞাসাবাদ করে। অবস্থা বেগতিক দেখে ট্রাকের চালক পালিয়ে যায়। বিএডিসির গুদামরক্ষকের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে লোকজন ট্রাক আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ১০ টন ধানবীজ এবং ট্রাকের হেলপারকে আটক করে থানায় নিয়ে যায়।
গোপালগঞ্জ বিএডিসির উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও গুদামরক্ষক নূরুল আলম জানিয়েছে, বীজ ডিলার আমজাদের নামে ১০ টন ধানবীজ বরাদ্দ দেওয়া হয়েছে এবং আটককৃত ধানবীজগুলো তারই। কিন্তু এর সপক্ষে তারা কোনও কাগজপত্র দেখাতে পারেনি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
