ঈদের আগে ২৪০ কোটি টাকা বকেয়া বিল আদায়ের দাবিতে আন্দোলনে যাচ্ছে স ও জ’র ঠিকাদাররা
ঈদের আগে প্রায় ২৪০ কোটি টাকা বকেয়া বিল আদায়ের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের ঠিকাদাররা।
দীর্ঘদিন ধরে বিল তুলতে না পেরে বিক্ষুব্ধ ঠিকাদাররা অভিযোগ করেছেন, নির্ধারিত হারে কমিশন না দেওয়ায় কয়েক বছর ধরে সড়ক ও জনপথ বিভাগের কাছে ঠিকাদারদের ওই পরিমাণ বিল বকেয়া পড়েছে।
তারা জানান, আন্দোলনের পরিকল্পনার বিষয়টি ইতোমধ্যে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীকে জানানো হয়েছে।
এদিকে বকেয়া বিলের বষয়ে ঠিকাদারদের অভিযোগ অস্বীকার করেছেন প্রধান প্রকৌশলী একেএম ফাইজুর রহমান। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কোনও মন্তব্য করতেও অস্বীকার করেন।
সাধারণ ঠিকাদাররা জানান, রাজনৈতিক বিবেচনায় সরকার সমর্থক নয়, এমন সব ঠিকাদারের কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিলের জন্যে ৩০ শতাংশ হারে কমিশন নিয়ে থাকে। কমিশন না দেওয়ার ফলে ঠিকাদারদের প্রায় ২৪০ কোটি টাকা বিল আটকা পড়েছে।
কয়েকজন ঠিকাদার বিডিনিউজকে জানান, কমিশন দিতে অনিচ্ছুক ঠিকাদারদের বিল তুলতে যোগাযোগ মন্ত্রীর অনুমতি নিতে হয়। এ ব্যাপারে কর্মকর্তাদের প্রতি সুস্পষ্ট নির্দেশনাও রয়েছে। তবে অপর কয়েকজন ঠিকাদারের অভিযোগ, কিছু কর্মকর্তা মন্ত্রীর নাম ব্যবহার করে এ উৎকোচ আদায় করছে।
ঠিকাদাররা জানান, সড়ক ও জনপদ থেকে এলজিইডিকে ২০০৩ সালে প্রায় ১২ হাজার কিলোমিটার ফিডার সড়ক হস্তান্তর করা হয়। ওই সব সড়ক মেরামতের জন্যে প্রায় ৪৫০ কোটি টাকার কাজ করা হয়। এর মধ্যে রাজনৈতিক পরিচয় এবং কিছু কর্মকর্তাকে মোটা অংকের কমিশনের বিনিময়ে বেশির ভাগ বিল ছাড় করা হয়। এর বাইরে অন্য সব ঠিকাদার তিন বছরেও তাদের বিল তুলতে পারেনি।
ঠিকাদার আরিফুজ্জামান বিডিনিউজকে বলেন, সওজ’র কাছে পাওনা ৮০ লাখ টাকা তুলতে অমি তিন বছর ধরে ঘুরছি। কিন্তু বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও টাকা আদায় হয়নি। তিনি জানান, এমনকি যোগযোগ মন্ত্রীর নির্বাচনী এলাকার এক প্রভাবশালী নেতা টাকা নিয়েও তার বিল আদায় করে দিতে পারেননি।
ঠিকাদার শেখ ফরিদ জানান, পাওনা ২০ লাখ টাকা আদায়ের জন্যে তিনি চার বছর ঘুরছেন। কিন্তু চার বছরেও এ ব্যাপারে কোনও সদুত্তর তিনি পাননি।
