২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে চোরাচালান ব্যাপক বেড়েছে

ঈদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে চোরাচালান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 11:04 AM

Updated : 26 Apr 2022, 06:14 PM

এদিকে সীমান্ত সংলগ্ন এলাকায় বাংলাদেশ রাইফেলস (বিডিআর) টহল জোরদার করলেও চোরাচালান রোধ করা সম্ভব হচ্ছে না বলে বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্র জানায়।

সূত্র আরও জানায়, ওইসব সীমান্ত এলাকায় ভারতীয় শাড়ি, লুঙ্গী, প্যান্ট পিস, থ্রী পিস, বিভিন্ন তৈরী পোশাক, প্রসাধনী সামগ্রী, চামড়াজাত পণ্যসহ বিপুল পরিমাণ পণ্য মজুদ রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদরসহ শিবগঞ্জ, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিন এসব পণ্য চোরাচালান হয়ে আসছে।

ওইসব পণ্য বাংলাদেশে প্রবেশের পর চাঁপাই-আমনুরা-তানোর-রাজশাহী ও গোমস্তাপুর-নওগাঁ-বগুড়া রুট দিয়ে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

সূত্র আরো জানায়, চোরকারবারীরা বিডিআর’র চেকপোস্টে তল্লাশির ঝামেলা এড়ানোর জন্য মফস্বল রাস্তা এমনকি মেঠোপথ দিয়েও এসব পণ্য পরিবহন করে।

ইতিমধ্যে বিডিআর জেলার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ী আটক করেছে।

বিডিআর সূত্র জানায়, এছাড়াও রমজানের শুরু থেকেই বিডিআর বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পণ্য আটক করে।