২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিআরএসপি বাস্তবায়নে সকল দলের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত : আনোয়ার চৌধুরী

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী বুধবার বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইউ) আশা করছে দারিদ্র নিরসণ কৌশলপত্র (পিআরএসপি) বাস্তবায়নে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে কাজ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 06:59 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

মানবাধিকার/বাণিজ্য ও উন্নয়ন শীর্ষক এক গোলটেবিল আলোচনাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রিটিশ হাই কমিশনার বলেন, পিআরএসপি একটি জাতীয় কৌশল, যা সরকারের সম্পদ। যে দলই সরকারে থাকুক না কেন তারাই এ কৌশল অনুযায়ী দারিদ্র নিরসনে সচেষ্ট থাকবে।

বৈঠকে ঢাকায় ইউরোপীয় কমিশন ডেলিগেশনের প্রধান ড. স্টিফেন ফ্রোইনও বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে ফ্রান্স, নেদারল্যান্ড, সুইডেন, জার্মানি ও ইতালির রাস্ট্রদূত ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। তিনটি কার্য অধিবেশনে আলোচনায় সম্পন্ন হয় এগুলো হচ্ছে-মানবাধিকার, বানিজ্য ও অর্থনীতি এবং বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা।

এর আগে মঙ্গলবার ইউ এক যৌথ বিবৃতিতে হতাশা জানিয়ে বলে, পিআরএসপিতে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ প্রক্রিয়া নিশ্চিত করা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, আগামী সাধারণ নির্বাচনের আগে কৌশলের বাস্তবায়নে ইইউ দেখতে চায় সকল দল এর প্রক্রিয়ার সাথে জড়িত।

সরকার পরিবর্তন হলে নীতি অব্যাহত থাকবে, ইইউ কিভাবে তা আশা করে-এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আনোয়ার চৌধুরী পিআরএসপির প্রতি দৃঢ় সর্মন জানিয়ে বলেন, এ ব্যাপারে অবশ্যই চুক্তি করা হবে।

আগামী নির্বাচন এবং ইউ’র ভূমিকা নিয়ে অপর এক প্রশ্নের জবাবে নির্বাচন পর্যবেক্ষকদের সরকারের পক্ষ থেকে স্বাগত জানানোর বিষয়টির প্রশংসা করে তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে সরকারের প্রতি তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি বলেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলেই আশা করছে গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটার রেজিস্ট্রেশন, ভোটারদের পরিচয়পত্র, নির্বাচন পরিচালনা প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সরকারের প্রতি আমাদের সহায়তা অব্যাহত থাকবে।

বহুল আলোচিত ‘ক্রস ফায়ার ইস্যু সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মানি বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতর উন্নতি হওয়া প্রয়োজন। কিন্তু ‘ক্রস ফায়ার’ কোনও সমাধান হতে পারে না। মানবাধিকারের প্রতি সকল সংস্থার সম্মান থাকতে হবে। মানবাধিকারের প্রতি সকলের শ্রদ্ধাশীল হওয়ার এটাই সেরা সময়।