সঠিক পশু সম্পদ নীতিমালা দুধ উৎপাদনে দেশে বিপ্লব ঘটাতে পারে: টিএমইউএস
দেশের ডেইরি ব্যাবসা টিকিয়ে রাখা এবং দুধের উৎপাদন বৃদ্ধির জন্য গবাদি পশুর সঠিক প্রজনন নীতি প্রনয়নের দাবি জানিয়েছে গবাদিপশুর উন্নয়ন নিয়ে কাজ করা একটি বেসরকারি সংস্থা।
ইউএসএইডের এটিডিপি (কৃষিভিত্তিক শিল্প এবং প্রযুক্তি উন্নয়ন প্রকল্প)’র সহযোগি সংস্থা টিএমইউএস (তৃণমূল মানবিক উন্নয়ন সংস্থা) সম্প্রতি মৎস ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রেরিত এক স্মারকলিপিতে জানায়, নীতিমালা প্রনয়নের মাধ্যমে দেশ প্রতিবছর গুঁড়োদুধ আমদানি ক্ষেত্রে দুই বিলিয়ন টাকা সাশ্রয় করতে পারে।
এটিডিপি’র কারিগরি সহায়তায় টিএমইউএস দেশে ১৯৩০ সালে প্রণীত নীতিমালা উন্নয়নের কাজ করছে। কাজটি সম্পন্ন হলে বর্তমানে একটি গরু থেকে প্রতিদিন দেড় লিটার দুধ উৎপাদন বেড়ে দাঁড়াবে প্রতিদিন ২৪ লিটারে।
দেশে গবাদিপশুর সংখ্যা প্রায় ২৪ মিলিয়ন এবং এর মধ্যে গাভীর সংখ্যা এক চতুর্থাংশ। দেশে প্রতিবছর দুধ উৎপাদনের পরিমান এক দশমিক ৬২ মিলিয়ন মেট্রিক টন।
টিএমইউএস’র তথ্যমতে, দেশে বর্তমানের তুলনায় দ্বিগুন অথবা তিনগুন গবাদিপশু থাকার কথা, কিন্তু উন্নত দেশগুলোর সাথে তুলনা করলে দেখা যাবে এই সংখ্যা তাদের সংখ্যার দশ ভাগের এক ভাগ কিংবা বারো ভাগের এক ভাগ।
