মোল্লাহাটে জনসভায় বোমা হামলার ঘটনায় মুফতি হান্নানকে জিজ্ঞাসাবাদ করতে ঢাকায় যাচ্ছে বাগেরহাট পুলিশ
বাগেরহাট পুলিশ নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানকে মোল্লাহাটে শেখ হেলালের নির্বাচনী জনসভায় বোমা হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে বাগেরহাট পুলিশের একটি দল শিগগিরই ঢাকায় যাচ্ছে।
এদিকে গোপালগঞ্জে ধৃত জেএমবি সদস্য আবু তালেবকে ১৭ আগস্ট বাগেরহাটে বোমা বিস্ফোরণ মামলায় শ্যোন এরেস্ট দেখিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) এম. মোস্তফা কামাল জানান, ২০০১ সালের ২৩ সেপ্টেম্বর মোল্ল¬াহাট খলিলুর রহমান ডিগ্রি কলেজে আওয়ামী লীগ নেতা শেখ হেলাল উদ্দিনের নির্বাচনী জনসভায় বোমা হামলার ঘটনা সম্পর্কে মুফতি হান্নানকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাছাড়া বাগেরহাট অঞ্চলে হরকাতুল জিহাদের তৎপরতা সম্পর্কেও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ২০০১ সালের ওই বোমা বিস্ফোরণে আট নারী-পুরুষ নিহত এবং আরও অর্ধ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মী আহত হয়।
এসপি আরও জানান, গোপালগঞ্জে ১৭ অক্টোবর র্যাবের হাতে ধৃত জেএমবি সদস্য আবু তালেবকে বাগেরহাটের বোমা মামলায় শ্যোন এরেস্ট দেখিয়ে আদালতে আবেদন জানানো হয়েছে। ২৭ অক্টোবর এ বিষয়ে বাগেরহাট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। প্রয়োজনীয় অনুমতি পেলে খুব শিগগিরই তাকে বাগেরহাটে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। সে বাগেরহাটের একটি পয়েন্টে ১৭ আগস্ট বোমা বিস্ফোরণ ঘটিয়েছিলো বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
আবু তালেবকে বর্তমানে গোপালগঞ্জ পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
