উত্তরবঙ্গে ডায়রিয়ার বিস্তার ও স্যালাইনের সংকট, কুমিল্লায় ৪ জনের মৃত্যু
উত্তরবঙ্গের ডায়রিয়া পরিস্থিতির আরও অবনতি হয়েছে এবং সেখানকার হাসপাতালগুলোতে দেখো দিয়েছে স্যালাইন সংকট। এছাড়া কুমিল্লা জেলায় ডায়রিয়ার ব্যাপক বিস্তার হয়েছে এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সেখানে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রতিনিধিরা জানিয়েছেন, বন্যার পানি চলে যাওয়ার পর উত্তরবঙ্গে পানিবাহিত রোগ ডায়রিয়ার বিস্তার হয়েছে। এছাড়া চলমান মঙ্গার কারণে অনেকে অখাদ্য-কুখাদ্য খেয়েও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।
কুমিল্লা ও লালমনিরহাটে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে ছয় জন। দুই জেলার আরও দেড় সহস্রাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছে।
বিডিনিউজ কুমিল্লা প্রতিনিধি জানান, জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে তিনজন ও হরিপুরে একজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, ঘন্টায় ঘন্টায় ডায়রিয়া রোগীর সংখ্যা আশংকাজনকভাবে বাড়ছে। গত দুদিনে ৯ টি উপজেলার ১০৩ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
ডায়রিয়া পরিস্থিতি সম্পর্কে জেলার সিভিল সার্জন ডা. আব্দুল কাদির মিয়া জানান, গোটা কুমিল্লার ১৬টি উপজেলায় মেডিকেল টিম প্রেরণ করা হয়েছে। স্থানীয় উপজেলার সকল চিকিৎসককে জরুরী নির্দেশ প্রদান করা হয়েছে। তাছাড়া ডায়রিয়ার খবরাখবর সংগ্রহরে জন্য সিভিল সার্জনের অফিসে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
কন্ট্রোল রুম থেকে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা ৭৫ এবং মৃতের সংখ্যা তিন বলে জানানো হয়েছে।
বিডিনিউজ লালমনিরহাট প্রতিনিধি জানান, জেলার তিস্তা পাড়ের গ্রামগুলোতে মঙ্গা তীব্র আকার ধারণ করেছে। খাদ্যাভাবে অখাদ্য-কুখাদ্য খাওয়ায় পেটের পীড়াসহ ডায়রিয়া ব্যাপক বিস্তার হয়েছে। ইতোমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া আক্রান্ত হয়েছে আরও দেড় হাজার লোক।
এদিকে ডায়রিয়া আক্রান্ত রোগীতে পূর্ণ হয়ে গেছে লালমনিরহাট সদর হাসপাতালসহ পাঁচটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। রোগীদের জন্য স্যালাইনের তীব্র সংকটও দেখা দিয়েছে। বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে স্যালাইনের পর্যাপ্ত সরবরাহ না থাকায় হতদরিদ্র মানুষগুলো বিপাকে পড়েছে। লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান আলী বাবু স্যালাইনের সংকটের কথা স্বীকার করেছেন।
বিডিনিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জানান, গত ২৪ ঘন্টায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার নটানপাড়ার সোনা মিয়ার পুত্র গফুর (৫ মাস) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। জেলার ডায়রিয়া পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শুধু রোমারৗ উপজেলায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা সহস্রাধিক।
