বিদেশী এয়ারলাইন্সগুলো ১,৩০০ ডলার ভাড়ায় হজ্ব যাত্রী পরিবহন করবে
বিদেশী এয়ারলাইন্সগুলো জনপ্রতি ১,৩০০ ডলার ভাড়ায় ঢাকা-জেদ্দা রুটে নন-ব্যালটি হজ্ব যাত্রী পরিবহনে সম্মত।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সোমবার অনুষ্ঠিত ঢাকায় চলাচলকারী বিদেশী এয়ারলাইন্সগুলোর প্রতিনিধিদের সভায় তারা এ অভিমত প্রকাশ করেন।
বৈঠক সূত্র জানায়, সভায় বিদেশী ১০টি এয়ারলাইন্সের মধ্যে গালফ এয়ার, কাতার এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ, পিআইএ, ইয়েমেন এয়ার, সিঙ্গাপুর এয়ারলাইন্স, মালয়েশিয়ান এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ, সৌদি এরাবিয়ান এয়ালাইন্স এবং থাই এয়ারওয়েজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আগ্রহী এয়ারলাইন্সগুলোর মধ্যে কে, কোন ধরনের এয়ারক্রাফটে, কয়টি ফ্লাইটের মাধ্যমে, নূন্যতম কত ভাড়ায় কত যাত্রী পরিবহন করতে পারবে-এসব তথ্যসম্বলিত প্রস্তাব ৩০ অক্টোবরের মধ্যে বন্ধ খামে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্যে বৈঠকে অনুরোধ করা হয়।
এসময় মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে গঠিত আট সদস্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটিকে ওই প্রস্তাব বিশ্লেষণ করে দ্রুত রিপোর্ট প্রদানেরও নির্দেশ দেওয়া হয়। এ রিপোর্ট অনুমোদনের জন্যে মন্ত্রিপরিষদে পাঠানো হবে।
সংশ্লিস্ট সূত্র জানায়, বিগত কয়েক বছর ৯৫০ ডলারে হজ্ব যাত্রী পরিবহন করা হতো, তখন জেট ফুয়েলের দাম ছিল ২৬ ডলার। বর্তমানে ওই ফুয়েলের আন্তর্জাতিক বাজার মূল্য ৫৬ ডলার।
প্রতিমন্ত্রী মীর নাছির বিডিনিউজকে বলেন, বাংলাদেশ বিমান ৯৫০ ডলারে হজ্ব যাত্রী পরিবহন করলে বিমানের প্রতিটি ফ্লাইটে লোকসান হবে ৭১ লাখ ৮২ হাজার টাকা।
সূত্র আরও জানায়, ব্যালটি ও নন-ব্যলটি মিলে এবার ৬০ হাজার লোকের হজ্ব আদায় করার কথা ছিলো। কিন্তু ভাড়া নিয়ে অনিশ্চয়তার কারণে শেষ পর্যন্ত কতজন যাত্রী এবার হজ্বে যাবেন, ধর্ম মন্ত্রণালয় থেকে এখনও ওই বিষয় কোনও হিসাব জানা যায়নি।
বৈঠকে মন্ত্রণালয়ের সচিব ইকবাল উদ্দিন আহমেদ চৌধুরি, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমোডর হারুন চৌধুরিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
