২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিড়িয়াখানার উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্দের জন্যে মন্ত্রণালয়ে চিঠি

ঢাকা চিড়িয়াখানাকে আরও আকর্ষণীয় করতে ১৪ কোটি টাকার একটি প্রকল্পের জন্যে অর্থ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠনো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 04:43 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

চিড়িয়াখানা সূত্র জানিয়েছে, প্রকল্প বাস্তবায়ন করা গেলে চিড়িয়াখানার আয় দ্বিগুন হবে বলে আশা করা হচ্ছে।

চিড়িয়াখানার কিউরেটর ডা. মফিজুর রহমানের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে। পশু সম্পদ মন্ত্রণালয় থেকে শিগগিরই অর্থ বরাদ্দ পাওয়া যাবে বলে তিনি জানান।

প্রকল্পের অংশ হিসেবে চিড়িয়াখানায় আকর্ষণীয় প্রাণী সংগ্রহ, ওয়াকওয়ে নির্মাণ, জু ইনস্টিটিউট স্থাপন, জু এডুকেশন চালু, রেস্তোরাঁ চালু, থিমপার্ক স্থাপনের কথা রয়েছে।

এছাড়া চিড়িয়াখানায় প্রাণী পরিচিতিমূলক বুকলেট প্রকাশনা, পাঠাগার সংস্কার এবং আভ্যন্তরীন সৌন্দর্য বাড়ানো করা হবে। ইতিমধ্যে চিড়িয়াখানার প্রবেশপথে আকর্ষণীয় ল্যান্ড স্কেপিং করা হয়েছে।

মফিজুর রহমান জানান, প্রকল্প বাস্তবায়ন করা গেলে চিড়িয়াখানা দর্শকদের জন্যে আকর্ষনীয় হয়ে উঠবে এবং এর আয় বৃদ্ধি পাবে।

বেসরকারি থিমপার্কের উদাহরণ দিয়ে তিনি বলেন, থিম পার্ক স্থাপন করা হলে চিড়িয়াখানায় তিন স্তরে আয় করা সম্ভব হবে। চিড়িয়ানায় বর্তমানে প্রবেশের জন্য ১০ টাকা, প্রাণী জাদুঘরের জন্য দুই টাকা টিকিটের ব্যবস্থা রয়েছে। থিমপার্ক স্থাপন করা হলে এতে প্রবেশ ও রাইডে চড়ার জন্য আলাদা আলাদা টিকিটের ব্যবস্থা করা হবে। এতে আয় বৃদ্দি পাবে।

ঢাকা চিড়িয়াখানায় প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ হাজার দর্শক আসে। ছুটির দিন এ সংখ্যা বেড়ে ১২ থেকে ১৫ হাজারে দাঁড়ায়। এতে বার্ষিক আয় হয় প্রায় সাড়ে চার থেকে পাঁচ কোটি টাকা।