চুয়াডাঙ্গায় জনযুদ্ধের ২০ ক্যাডারকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা
চুয়াডাঙ্গায় জনযুদ্ধের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতাসহ ২০ জন চরমপন্থীকে ধরিয়ে দিতে পুলিশ পুরস্কার ঘোষণা করেছে।
সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে এ পুরস্কার ঘোষণা করা হয়। জেলার পুলিশ সুপার মো. সরওয়ার বিডিনিউজকে জানান, এসব চরমপন্থী সম্পর্কে তথ্য প্রদানকারীর নাম-পরিচয় গোপন রাখা হবে।
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এলিট ফোর্স কোবরা পুলিশ বিভাগের মোস্ট ওয়ান্টেডের এই তালিকায় জনযুদ্ধের শীর্ষনেতা তপন মালিথা, আবীর হাসানসহ দক্ষিণাঞ্চলের অন্যান্য চরমপন্থীরা রয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তপন মালিথাকে ধরিয়ে দিতে পারলে পাঁচ লাখ টাকা, আবীর হাসান, জামাল ওরফে রকি ও রনিকে ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা এবং বাকিদের ধরিয়ে দিতে পারলে বিশ হাজার টাকা করে পুরস্কার দেয়া হবে।
