খুলনায় র্যাবের ক্রসফায়ারে চরমপন্থি নেতা নিহত
খুলনার বিল ডাকাতিয়া এলাকায় সোমবার ভোরে র্যাবের ক্রসফায়ারে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের একজন আঞ্চলিক নেতা নিহত হয়েছে।
নিহতের নাম হাসানুজ্জামান বিশ্বাস (৩০) ওরফে মিলন।
সে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিল বলে জানা গেছে।
চার/পাঁচ দিন আগে ঢাকা থেকে র্যাব সদস্যরা মিলনকে গ্রেপ্তার করে।
র্যাব সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে মিলন র্যাবের কাছে তার সহযোগী এবং গোপন আস্তানার সন্ধান দেয়।
তার স্বীকারোক্তি অনুযায়ী র্যাবের একটি দল রোববার গভীর রাতে খান জাহান আলী এলাকার বিল ডাকাতিয়া অঞ্চলে অভিযান চালায়। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র্যাব সদস্যদের উপর গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রায় ১৪/১৫ মিনিট গুলি বিনিময় হয়।
গুলি বিনিময়ের এক পর্যায়ে মিলন র্যাব হেফজত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্রসফায়ারে তার মৃত্যু হয়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় র্যাবের একজন সদস্য আহত হয়।
র্যাবের আক্রমনে অন্য সহযোগীরাও স্থান ত্যাগ করে।
ঘটনাস্থল থেকে র্যাব একটি পাইপ গান, একটি দেশী বন্দুক, দুই রাউণ্ড শটগানের তাজা গুলি ও চার রাউণ্ড শটগানের গুলির খোসা উদ্ধার করে।
মিলনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ সাতটি মামলা ছিল।
মিলন খুলনা জেলার রূপসা উপজেলার জোয়ার বাঁধাল গ্রামের বদিউজ্জামান বিশ্বাসের ছেলে।
