শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতিসংঘের সঙ্গে কাজ করে যাচ্ছে : প্রধানমন্ত্রী
জাতিসংঘের ৬০ তম বার্ষিকী উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘ চার্টারের লক্ষ্য ও নীতির প্রতি বাংলাদেশের সরকার এবং জনগণের দৃঢ় অঙ্গীকারের কথা পুর্নব্যক্ত করেছেন।
বিশ্বের অন্যান্য দেশের মতো সোমবার বাংলাদেশেও জাতিসংঘ দিবস পালিত হচ্ছে।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ৬০ বছর আগে মানবতার সেবা এবং নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধির বিশ্ব সৃষ্টির লক্ষ্যে বিশ্ব নেতৃবৃন্দ জাতিসংঘ প্রতিষ্ঠা করেন। তখন থেকেই বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং উন্নয়নে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে।
প্রধানমন্ত্রী জাতিসংঘের ৬০ তম বার্ষিকীতে আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যতের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ব অংশীদারিত্ব সৃষ্টির জন্য সম্মিলিত ইচ্ছা ও দৃঢ় পদক্ষেপ গ্রহণে ঐক্যবদ্ধ হতে প্রধানমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান।
