২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চট্টগ্রামে মোবাইল ব্যবহার নিষিদ্ধ

নিরাপত্তার কারণ দেখিয়ে সরকার পার্বত্য চট্টগ্রামে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2005, 09:24 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) সম্প্রতি এক পত্রে সরকারের এ সিদ্ধান্তের কথা জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা জানান, ইতোমধ্যে তারা নির্দেশসম্বলিত পত্রটি পেয়েছেন। এর অনুলিপি সংশ্লিষ্ট এলাকার সেনা কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।

এর আগে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় বিকল্প উপায়ে এন্টেনা ব্যবহার করে পরিচালিত কল সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

সারা বাংলাদেশ সেল ফোনের আওতায় আসলেও রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলাকে মোবাইল নেটওয়ার্কের বাইরে রাখা হয়।

বিটিআরসি’র এই নির্দেশের কারণে পার্বত্য চট্টগ্রামে মোবাইল ব্যবহারের সকল পথ বন্ধ হয়ে গেল।

তবে বান্দরবানে কল সেন্টারের মালিকরা জানান, এ ব্যাপারে তাদের কাছে কোনও নির্দেশ পৌঁছেনি।

স্থানীয় জনগণ অভিযোগ করেন, এ সিদ্ধান্তের ফলে কেবল পার্বত্য চট্টগ্রামের বাসিন্দারাই ক্ষতিগ্রস্ত হবেন না, সরকারি চাকরিসহ ব্যবসা বাণিজ্যের জন্যে এ অঞ্চলে আসা দেশী বিদেশী সকলেই আধুনিক যোগাযোগ ব্যবস্থার সুযোগ থেকে বঞ্চিত হবেন।