বিচার বিভাগ পৃথকীকরণ: নিম্ন আদালতের ৬০০ ম্যাজিস্ট্রেট নিয়ে বিপাকে সরকার
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাহী বিভাগের অধীনে নিয়োগপ্রাপ্ত ও বিচারকার্যে নিয়োজিত প্রায় ৬০০ ম্যাজিস্ট্রেটকে নিয়ে বিপাকে পড়েছে সরকার।
আইন মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) অধীনে প্রশাসন ক্যাডার হিসেবে নিয়োগপ্রাপ্ত ৬০০ কর্মকর্তা এখন বিভিন্ন আদালতে বিচারকার্য পরিচালনা করছেন। কিন্তু বিচার বিভাগ পৃথকীকরণ মামলায় সুপ্রিম কোর্টের দেয়া নির্দেশনা বাস্তবায়নের জন্যে এসকল বিচারকের পদগুলো খালি করে সেখানে বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়োগ করতে হবে।
সূত্র জানায়, এসকল ম্যাজিস্ট্রেটকে অন্যত্র সরিয়ে নিলে তাদের পদ ও পোস্টিং নিয়ে প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে।
তাছাড়া, প্রশাসনের কর্মকর্তারাও তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা কেড়ে নেওয়ার পক্ষে নয়। ক্ষমতাসীন রাজনীতিকরাও সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ন করার মাধ্যমে নিম্ন আদালতে তাদের প্রভাব হারাতে অনিচ্ছুক।
আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর রোববার বিডিনিউজকে বলেন, বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ৬০০ ম্যাজিস্ট্রেটকে অন্যত্র সরিয়ে নিয়ে প্রধান বিচারপতি সেসব পদে বিচারক নিয়োগের উদ্যোগ নিতে পারেন।
তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সরকার ইতোমধ্যেই জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিচার বিভাগীয় সার্ভিস কমিশন) গঠন করেছে। নিম্ন আদালতের এসকল শূন্য পদ পূরণের জন্যে কমিশন বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়োগ প্রদান করবে। রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে প্রধান বিচারপতি এ নিয়োগের ব্যবস্থা করতে পারেন। এ ব্যাপারে প্রধান বিচারপতিকে সরকার সহযোগিতা করবে।
ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, সরকার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের ৯০ শতাংশ কাজ শেষ করে ফেলেছে।
তিনি বলেন, বিচার বিভাগ পৃথকীকরণের প্রধান সমস্যা হচ্ছে নিম্ন আদালতে বর্তমানে বিচার কার্য পরিচালনা করা ৬০০ ম্যাজিস্ট্রেটের জায়গায় নতুন করে বিচারক নিয়োগ করা।
তিনি আরও বলেন, এসকল পদে বিচারক নিয়োগের জন্যে আইন মন্ত্রণালয়ের বিশেষ কোনও বাজেটও নেই।
আইন প্রতিমন্ত্রী বলেন, বিচারক নিয়োগের জন্যে প্রধান বিচারপতি যদি সরকারের কাছে অর্থ বরাদ্দ চান, তবে সরকার তা দেবে।
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা খুবই কঠিন কাজ বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সরকারের মেয়াদের বাকি সময়ের মধ্যেই নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা হবে।
মাসদার হোসেনের দায়ের করা বিচার বিভাগ পৃথকীকরণ মামলার রায়ে সুপ্রিম কোর্ট সরকারকে বিচার বিভাগীয় সার্ভিস কমিশনের মাধ্যমে নিম্ন আদালতের বিচারক নিয়োগের নির্দেশ দেন।
বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়োগের জন্যে সরকার গত বছরের জানুয়ারিতে ছয় সদস্যের একটি বিচার বিভাগীয় সার্ভিস কমিশন গঠন করে।
আদালতের ১২ দফা নির্দেশনা বাস্তবায়নে সর্বশেষ ২০ অক্টোবর সরকার আরও চার মাস সময় চাইলে সুপ্রিম কোর্ট তা নামঞ্জুর করেন।
