হরকাতুল জিহাদ নিষিদ্ধ করায় বাংলাদেশের প্রসংশা করলেন বুশ
মৌলবাদী জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করায় মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ বাংলাদেশের প্রশংসা করেছেন।
বুশ এটিকে সরকারের একটি ‘গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেন এবং তার এই প্রশংসার কথা বাংলদেশের প্রধানমন্ত্রীকে জানিয়ে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রে নিযুক্ত
বাংলাদেশের রাষ্ট্রদূত শামশের মবিন চৌধুরীকে বলেন। সরকারি এক বার্তায় একথা জানানো হয়।
সরকার ১৭ অক্টোবর হরকাতুল জিহাদের সকল কর্মকান্ড নিষিদ্ধ ঘোষণা করে। এ জঙ্গি ইসলামী সংগঠনটি ২০০০ সালের জুলাই মাসে গোপালগঞ্জে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছিল। সংগঠনটি ১৭ বছর ধরে সক্রিয়। দেশজুড়ে এদের জঙ্গি কার্যক্রম চালছিল প্রায় পাঁচ বছর যাবত।
সম্প্রতি হোয়াইট হাউজে প্রেসিডেন্ট জর্জ বুশের দেওয়া এক ইফতার পার্টিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এদেশের মডারেট ইমেজ সমুন্নত রাখতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বুশকে অবহিত করেন।
এসময় রাষ্ট্রদূত বাংলাদেশ ভূখন্ড থেকে সন্ত্রাসের মুলোৎপাটনে সরকারের উদ্যোগ অব্যাহত রাখার ওপর জোর দেন।
