২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ভিজিএফ-এর চাল বিতরণকালে বিশৃংখলা, লাঠিচার্জ, আহত ১০

লুটপাট, ওজনে কম দেয়া, অভাবী মানুষের ওপর লাঠিচার্জসহ চরম বিশৃংখলার মধ্য দিয়ে রোববার থেকে মঙ্গাপীড়িত নীলফামারী জেলায় এক লাখ ২৫ হাজার ৫শ’ দরিদ্র মানুষের মাঝে বিশেষ ভিজিএফ-এর চাল বিতরণ শুরু হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2005, 07:38 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নে বুভুক্ষ মানুষ কার্ড না পেয়ে বিতরণ কেন্দ্রে ত্রাণের চাল লুটের চেস্টা করলে আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়জিত আনসার বাহিনী তাদের ওপর লাঠিচার্জ করলে অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই কেন্দ্রে ভীড়ের চাপে অন্তত পাঁচজন বয়স্ক মহিলা অসস্থ্য হয়ে পড়লে স্থানীয় লোকজন সেবাসশ্রুষা দিয়ে তাদের সুস্থ্য করে তোলে।

এদিকে বেশিরভাগ কার্ড পাইকারদের কাছে বিক্রি করে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চেয়ারম্যান-মেম্বাররা ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে এক কেজি করে চাল কম দিয়েছে বলে অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরের উপস্থিতিতে কয়েকজন কার্ডধারীর চাল মেপে দেখলে সাড়ে ৯ কেজিরও কম চাল পাওয়া যায়। এ ব্যাপারে দায়িত্বরত ম্যাজিষ্ট্রেট কামাল হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, নিজে দাড়িয়ে থেকে চাল দিচ্ছি। তার পরও তারা যদি চোখ ফাঁকি দেয় তা হলে কী করার থাকে?

সদরের রামনগর ইউনিয়নে নতুন ও পুরাতন ইউপি ভবনে আলাদা আলাদা বুথ করে চাল বিতরণ করা হয়। দায়িত্বরত ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হানিফ এক বুথে থাকলে আরেক বুথে ওজনে কম দেয়া হয়েছে বলে অভিযোগ। এই ইউনিয়নের সরাটারি গ্রামের চরম অভাবী প্রায় একশ’টি পরিবারের কেউ কার্ড পায়নি বলে অভিযোগ করেছে গ্রামবাসী। টুপামারী ইউনিয়নের একটি কার্ড সংগ্রহ করতে একএকজনকে মোম্বারদের এক থেকে দেড়শ’ টাকা করে দিতে হয়েছে বলে অভিযোগ করেছে অভাবী লোকজন। অনেকে ঘরের হাঁস-মুরগী বিক্রি করে মেম্বারদের টাকা দিয়েছে বলে জানায়।