নিষিদ্ধ ঘোষণার দুবছর পর আবারো পলিথিন ব্যাগ!
সরকার আইন করে পলিথিন ব্যাগ, পলি-প্রোপাইলিন, ওভেন ব্যাগ নিষিদ্ধ করার দুবছরের মাথায় দেশে আবারো পলি-প্রোপাইলিন ব্যাগ উৎপাদনের অনুমোদন দিয়েছে।
এরই মধ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয় আইন লংঘন করে একটি বিদেশী কোম্পানিকে ওই ব্যাগ উৎপাদনের জন্য পরিবেশগত ছাড়পত্র প্রদানের অনুমতি দিয়েছে।
পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলামের সভাপতিত্বে মন্ত্রণালয়ের এক সভায় পলিব্যাগ, পলি-প্র্রোপাইলিন, ওভেন ব্যাগ উৎপাদনকারি শিল্প প্রতিষ্ঠানগুলোকে পরিবেশগত ছাড়পত্র দিতে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ হওয়ার পরও কোনো কোনো রপ্তানিমুখী পলিব্যাগ, পলি-প্রোপাইলিন ও ওভেন ব্যাগ উৎপাদনকারি শিল্প প্রতিষ্ঠান রপ্তানির নামে উৎপাদন করে দেশীয় বাজারে বিক্রি করছে। সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটের অভিযানেও বিষয়টি ধরা পড়ে।
সূত্র আরো জানায়, ১৪ আগস্ট বানিজ্য মন্ত্রণালয় থেকে রপ্তানি বানিজ্য ক্ষতি হওয়ার আশংকায় রপ্তানিমুখী পলিথিন ব্যাগ উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত রাখার অনুরোধ করা হয়। মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে পরিবেশ মন্ত্রণালয় পলিথিন ব্যাগ উৎপাদনের অনুমতি দেওয়ার সিন্ধান্ত নেয়।
জানা যায়, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ফলে জাপান ও বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান ‘ইএন্ডসি ম্যানুফ্যাকচারিং লিমিটেড কোম্পানি'কে পরিবেশগত ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ওই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আকিরা মরিমত এরআগেও একাধিকবার পলি-প্রোপাইলিন ও ওভেন ব্যাগ উৎপাদনের জন্য ছাড়পত্রের আবেদন করেও ব্যর্থ হন।
এ বিষয়ে পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরি বিডিনিউজকে বলেন, সম্পূর্ন রপ্তানি করার শর্তে একটি বিদেশী কোম্পানিকে উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে।
সাবেক পরিবেশ মন্ত্রী, বর্তমানে বস্ত্রমন্ত্রী শাজাহান সিরাজ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে পলিথিন বিরোধী আইন পাশ হয়।
২০০২ সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে পরিবেশ মন্ত্রণালয় থেকে মোড়ক হিসেবে ব্যবহৃত ১০০ মাইক্রোনের মধ্যে পুরুত্ব পলিথিন বিস্কুট, চানাচুর, আটা, ময়দা, লাচ্ছা সেমাই, চা, চকলেট, দুধ, ন্যাপথলিন, সার ও সিমেন্ট ব্যাগের ভিতরের লাইনার, ওরস্যালাইন, ডিসপোজেবল সিরিঞ্জসহ অষুধ শিল্পে ব্যবহারের বিধান রাখা হয়।
পরিবেশ দুষণকারী পলিথিনসহ বিভিন্ন ধরনের লেভেল উৎপাদনের নিষিদ্ধ থাকা সত্বেও বাজারে নিয়ন্ত্রণের অভাবে দেশে একমাত্র পলিথিন বিক্রির পাইকারি বাজার চকবাজার ও ইসলামপুর এলাকার বিভিন্ন দোকানে সব ধরনের পলিথিন এবং বিভিন্ন ধরনের লেবেল খোলা বাজারে বিক্রি হচ্ছে।
চকবাজার ও ইসলামপুরে পলিথিন বিক্রেতা কয়েকজন দোকান মালিক জানান, পলিথিন বিক্রি করতে হলে সকল দোকানদারকে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় পুলিশ কর্মকর্তাকে মোটা অংকের মাসোহারা দিতে হয়।
২০০৩ সালে আইন করে পলিথিন শপিং ব্যাগসহ পলি-প্রোপাইলিন ও ওভেন ব্যাগ উৎপাদন, ক্রয় ও বিক্রয় সম্পুর্ণভাবে নিষিদ্ধ করার পর বিশেষ অভিযানে ঢাকাসহ সারাদেশে প্রায় ২০ হাজার পলিব্যাগ উৎপাদনকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
তবে গোপনে অনেক প্রতিষ্ঠানই পলিথিন ব্যাগ উৎপাদন ও বাজারজাত করছে।
