দেশজুড়ে ১৭ আগস্ট বোমা হামলায় জড়িত জামাত নেতার ছেলে শামিম ৩ দিনের রিমান্ডে
দেশজুড়ে ১৭ আগস্টের সিরিজ বোমা হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত জেলা জামাতে ইসলামীর সাবেক সভাপতি মাওলানা সাঈদুর রহমানের ছেলে শামিমকে হবিগঞ্জ আদালত তিনদিনের রিমান্ড প্রদান করেছেন।
প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান চৌধুরী রোববার এ রিমান্ড মঞ্জুর করেন।
শামিমকে ৭ সেপ্টেম্বর শহরের তিনকোনা পুকুর পারের আইবি কম্পিউটার থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। এর পরপরই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী র্যাব বাসাবো থেকে বোমা তৈরির সরঞ্জামসহ বেশ কিছু বিতর্কিত জিনিস উদ্ধার করে।
হবিগঞ্জের পাঁচটি স্থানে ১৭ আগস্ট আটটি বোমা বিস্ফোরণের ঘটনায় শামিমের বিরুদ্ধে হবিগঞ্জ থানায় পাঁচটি, মৌলভিবাজারে একটি, সিলেটে একটি এবং ঢাকায় তিনটিসহ মোট ১০টি মামলা দায়ের করা হয়।
