২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিঘ্নিত

কয়েকদিনের টানা বর্ষণে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের ওয়াখারা-ভাঙ্গুড়া স্টেশনের মধ্যবর্তী স্থানের প্রায় ২০০ ফুট রেলপথ ধসে পড়ায় শনিবার দুপুর থেকে রাজধানী ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2005, 04:25 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

রেলওয়ে সূত্র জানায়, শনিবার দুপুর থেকে সকল এক্সপ্রেস, আন্ত:নগর ও লোকাল বা মেইল ট্রেনের যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ ছিল।

বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোস্তফা ই জামিল বিডিনিউজকে বলেন, প্রতিবছরই এ রুটের বিভিন্ন পয়েন্টে অতিবৃষ্টিতে রেল লাইনের মাটি নরম হয়ে দেবে যাওয়ায় এ সমস্যা হয়।

তিনি বলেন, সোমবার বিকেল পর্যন্ত এ অবস্থা থাকতে পারে। তবে রেলওয়ের প্রকৌশলীরা বালির বস্তা ও পাথর দিয়ে ধসে যাওয়া লাইন মেরামতের চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, ট্রান্সশিপমেন্ট ব্যবস্থায় ভাঙা পয়েন্টের উভয় অংশের যাত্রীদের আনা নেয়া করা হচ্ছে। ফলে রাজশাহীর সাথে ঢাকার যোগাযোগ কোনওমতে চলছে।

রেল যোগাযোগ বিঘ্নিত হওয়ার কারণে যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তা হাবিবুল হক বিডিনিউজকে জানান, ধসে যাওয়া রেলপথ মেরামতের কার্যক্রম শুরু হয়েছে। তবে কত সময়ের মধ্যে রেল চলাচল পুনরায় ঠিকভাবে চালু করা সম্ভব হবে, সে ব্যাপারে সুষ্পষ্ট কিছু জানাতে পারেননি।