২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া বিমানবন্দর থেকে অপহৃত জাপানী নাগরিক উদ্ধার, গ্রেফতার ৩

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে শুক্রবার অপহৃত জাপানী নাগরিককে শনিবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)’র সহযোগিতায় বনানীর একটি গেস্ট হাউস থেকে উদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

এ সময় ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের গুলশান থানায় সোপর্দ এবং একটি মামলা দায়ের করা হয়েছে।

উদ্ধারকৃত জাপানী নাগরিকের নাম মুরাইমা মাসাহারু। ঢাকার সূত্রাপুরের ৫৩/১ হরিচরণ রায় রোডের বাসিন্দা বাংলাদেশী আত্মীয় ফারুক হোসেনের সাথে দেখা করার জন্যে শুক্রবার ভোর ৬টায় জিয়া বিমানবন্দরে নামার পরপরই তিনি অপহৃত হন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুরের আহমদ আলী এ অপহরণের মূল হোতা বলে জানা গেছে। বনানীর ১৩/সি রোডে অবস্থিত রিজেন্ট গেস্টহাউসের দুই কর্মচারি এরশাদ আলী ও শহিদুল ইসলামকে টাঙ্গাইলের নাগরপুর থেকে আটক করেছে র‌্যাব।

গুলশান থানা পুলিশ জানায়, র‌্যাব সদস্যরা বনানীর ওই গেস্টহাউস থেকে জাপানী নাগরিককে উদ্ধার করেছে।

মামলার বিবরণে ফারুক হোসেন বলেন, তিনি একজন জাপানী মহিলাকে বিয়ে করেছেন এবং তার আত্মীয় মুরাইমা মাসাহারু শুক্রবার তার বাসায় যাওয়ার পথে অপহৃত হন। তিনি জানান, অপহরণকারীরা টেলিফোনে তার জাপানী আত্মীয়ের মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করে।