রাজশাহীতে পরস্পরের বিরুদ্ধে মারধোরের অভিযোগ, যুবদল নেতার মামলা দায়ের, কর্মচারিদের মামলা নেয়নি, গ্রেপ্তার ২
যুবদলের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন ও রাজশাহীর এস এ পরিবহনের কর্মচারীরা পরস্পরের বিরুদ্ধে মারধোর করার অভিযোগ করেছে।
যুবদল নেতা এস এ পরিবহনের ৫ কর্মচারীর বিরুদ্ধে থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ এস এ পরিবহনের ২ কর্মচারী নজরুল ও কামালকে গ্রেপ্তার করে। এস এ পরিবহনের কর্মচারীরা থানায় মামলা করতে গেলে বোয়ালিয়া থানা পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও এস এ পরিবহন সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে যুবদল নেতা খোকন এস এ পরিবহনের মাধ্যমে একটি মোবাইল সিম ঢাকায় পাঠানোর জন্য যায়। এ সময় এস এ পরিবহন কর্মচারী কামাল সিম পাঠাতে পরিবহন খরচ ৫০ টাকা চাইলে যুবদল নেতা খোকন ২০ টাকা দিতে চায়। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে খোকন ক্ষুব্ধ হয়ে কর্মচারি কামালকে চড়-থাপ্পর মারে। এ সময় এস এ পরিবহনের কর্মচারীরা তাদের মূল ফটকের সাটার গেট নামিয়ে দেয়। এ সময় খোকন বোয়ালিয়া থানা পুলিশকে মোবাইল ফোনে অভিযোগ করে।
পুলিশ খোকনের অভিযোগের ভিত্তিতে নজরুল এবং কামালকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত দু’জনসহ এস এ পরিবহনের আরও ৩ কর্মচারীর বিরুদ্ধে মারধোর ও টাকা চুরির অভিযোগ এনে খোকন থানায় মামলা করেছে।
যুবদলের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদককে যোগাযোগের চেষ্ঠা করেও পাওয়া যায়নি। এদিকে এস এ পরিবহন কর্তৃপক্ষ তাদের অভিযোগ থানায় লিপিবদ্ধ করতে গেলে তা গ্রহণ করা হয়নি।
