ডায়রিয়া পরিস্থিতির অবনতি, উত্তরবঙ্গে স্যালাইনসহ ওষুধের অভাব, বেশ কিছু লোকের মৃত্যু
উত্তরবঙ্গে ডায়রিয়া পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মৃত্যু হচ্ছে মানুষের। ডায়রিয়ায় আক্রান্ত অঞ্চলগুলোতে স্যালাইনসহ ওষুধের অভাব দেখা দিয়েছে। বিভিন্ন জেলায় স্বাস্থ্য বিভাগ ডায়রিয়ার প্রতিরোধে উদ্যোগ নিলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন বিডিনিউজ-এর প্রতিনিধিরা।
বিডিনিউজ দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরে গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এরা হচ্ছে, পৌর এলাকার আনিসুর রহমানের পুত্র মোকাররম (৪) ও মতিউর রহমান (২৬) এবং পার্বতীপুর উপজেলার ফকিরবাজার গ্রামের মাহমুদ আলীর স্ত্রী মরিয়ম বেগম (২৪)। এছাড়া ঘোড়াঘাট উপজেলায় আরও দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রাপ্ত খবর অনুযায়ী, গত এক সপ্তাহে সদরসহ জেলার ১১টি উপজেলায় সহস্রাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত শত শত মানুষ হাসপাতালে ছুটে আসছে। কিন্তু ব্যাপকভাবে এ রোগের বিস্তার হওয়ায় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগী ভর্তি করা সম্ভব হচ্ছে না।
রোগীদের আত্মীয়-স্বজনরা অভিযোগ করছেন, হাসপাতালগুলোতে স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না। এছাড়া মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের সাক্ষাৎ মিলছে না বলে ডায়রিয়া উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে।
স্যালাইন সংকট বিষয়ে জেলার সিভিল সার্জন ডা. এসএম আবুল কালাম বলেন, প্রতিদিন যে পরিমাণ রোগী আসছে, তাদের চিকিৎসা দেওয়ার মতো স্যালাইন, ওষুধ ও জনবল নেই। তারপরও সাধ্যমতো চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
বিডিনিউজ নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারী জেলার ডায়রিয়া পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। নীলফামারীর মানুষ এখন মরা কার্তিককালীন অভাবে আক্রান্ত। অভাবী হাজার হাজার মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হলেও রিকশা বা ভ্যান ভাড়া করে হাসপাতাল পর্যন্ত পৌঁছানোর সামর্থ না থাকায় তাদের অনেকেই মারা পড়ছে বিনা চিকিৎসায়। এ পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ গোটা জেলায় ৭২টি মেডিকেল টিম দিয়ে বাড়ি বাড়ি রোগী খোঁজ করছে বলে যে দাবি করেছে, তা স্রেফ কাগজপত্রেই সীমাবদ্ধ বলে ডায়রিয়ায় আক্রান্ত অঞ্চলের মানুষের অভিযোগ। গত ১০ দিনে জেলায় ২৩ জন মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা গেলেও এ পরিসংখ্যান স্বাস্থ্য বিভাগের কাছে নেই। স্বাস্থ্য বিভাগ গত ২১ দিনে তিন জনের মৃত্যু এবং দু’হাজার ৬৪৫জন আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেছে।
নীলফামারী জেলায় ডায়রিয়ায় মারা যাওয়া রোগীদের সাধারণ ওয়ার্ডে ভর্তি দেখিয়ে ডায়রিয়ায় মারা যাওয়া মানুষের সঠিক পরিসংখ্যান আড়াল করা হচ্ছে বলে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের অভিযোগের পর নীলফামারী সদর আধুনিক হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড থেকে মুমূর্ষু রোগীদের জোর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
ডায়রিয়া রোগীদের খাদ্য সরবরাহ করা হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। শনিবার দুপুর তিনটায় বাবলু (১৬), মনোয়ার (২২), মর্জিনা (৩২) ও নাসরিন (১৪) নামে মুমূর্ষু রোগীদের হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছে। কর্তব্যরত ডাক্তার হাবিবুর রহমানের অনুপস্থিতিতে নার্স নিভা রাণী চক্রবর্তী ‘তারা সুস্থ হয়ে গেছে’ বলে তাদের বাড়িতে পাঠিয়ে দেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিআর (আরএমও) খোরশেদ আলম অভিযোগ অস্বীকার করে বলেছেন, রোগীদের বের করে দেওয়ার প্রশ্নই ওঠে না। খাদ্য না দেওয়া প্রসঙ্গে বলেন, ভর্তি হওয়ার প্রথম দিন রোগীদের খাবার দেওয়ার নিয়ম নেই।
বিডিনিউজ মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুর জেলার চারটি উপজেলায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রায় প্রতিদিনই আক্রান্তদের সংখ্যা বাড়ছে।
ইতোমধ্যে এ রোগে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে।
আক্রান্তদের অধিকাংশ মহিলা ও শিশু।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩,১২৩ জন লোক ডায়রিয়া আক্রান্ত হয়েছে।
এদিকে এ রোগে আক্রান্ত হয়ে রাজৈর উপজেলার মজুমদার কান্দি গ্রামের গৃহবধূ রবিনা আক্তার (২০) মারা গেছে।
হাসপাতালের ডায়রিয়া বিভাগের একজন চিকিৎসক বিডিনিউজকে জানান, জেলায় ডায়রিয়ার প্রাদুর্ভাব থাকলেও এ রোগ প্রতিরোধে পর্যাপ্ত স্যালাইন হাসপাতালে মজুদ আছে এবং মেডিকেল টিম অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।
