জীবাণু দূর করতে সাধারণ সাবানই যথেষ্ট!
শুধুমাত্র এন্টিব্যাকটেরিয়াল সাবানই জীবাণুর বিস্তার রোধে অধিক সক্রিয়, মানুষের এ সাধারণ বিশ্বাসটি সঠিক নয়। সাধারণ সাবানও জীবাণু বিস্তার রোধে সমান কার্যকর।
ইউএস ফুড এবং ড্রাগ অ্যাডমিন্সট্রেশন (এফডিএ) বিজ্ঞানী ও অন্যান্য বিশেষজ্ঞদের পরিচালিত এক গবেষণায় দেখা যায়, জীবাণু ধ্বংস করতে এন্টিব্যাকটেরিয়াল সাবান সাধারণ সাবানের মতো সমান কার্যকর।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ভোক্তাদের জন্যে এ ধরণের পণ্যের ঝুঁকি যাচাই করে দেখেছেন। তারা মনে করেন, এফডি’র উচিত এসব পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণ করা। কেননা এগুলো মানবদেহে ওষুধের ক্রিয়া ধ্বংসকারী ব্যাকটেরিয়ার সৃষ্টি করতে পারে।
এফডিএ ৩০ বছরেরও বেশি সময় ধরে এ ইস্যু নিয়ে কাজ করছে। তবে এসব পণ্য ব্যবহারের নিয়ন্ত্রণ সম্পর্কে তারা এখন কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
বছরের পর বছর ধরে গৃহস্থালীর কাজে ব্যবহারের জন্যে ব্যাকটেরিয়া ধ্বংসকারী সাবানের এজেন্ট যেমন প্রক্টর এন্ড গ্যাম্বল কোম্পানির সেফগার্ড এবং হেঙ্কেল কোম্পানির ডায়াল ব্যবহার হয়ে আসছে।
ট্রাইক্লোজেন সমৃদ্ধ এন্টিব্যাকটেরিয়াল পণ্য ব্যাকটেরিয়ার বসবাস ও বেড়ে ওঠার জন্যে নির্ধারিত এনজাইমের ওপর হামলা চালায়। এ ধরণের রাসায়ণিক পদার্থের ব্যবহারে ব্যাকটেরিয়ার পরিবর্তন হতে পারে। তবে চিকিৎসক ও বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব পণ্যের অতিরিক্ত ব্যবহার ওষুধের প্রতিক্রিয়া ধ্বংসকারী সুপারব্যাগ সৃষ্টি করতে পারে।
