২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্বোধন না হওয়ায় চট্টগ্রামে টিঅ্যান্ডটির নতুন এক্সচেঞ্জ থেকে সংযোগ দেওয়া হচ্ছে না

উদ্বোধন না হওয়ায় টিঅ্যান্ডটি কর্তৃপক্ষ ৮৩২৫৬ লাইনের নতুন একচেঞ্জ থেকে চট্টগ্রাম মহানগরী ও পার্শ্ববর্তী দুটি উপজেলায় টেলিফোন সংযোগ দিতে পারছে না।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

কোরীয়া সরকারের অর্থায়নে সাত ডিজিটের টেলিফোন নাম্বারের এই এক্সচেঞ্জটির নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক আগামী ২৫ অক্টোবর এই একচেঞ্জটির উদ্বোধন করার কথা ছিল। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে প্রধানমন্ত্রীর মাধ্যমে উদ্বোধন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে উদ্বোধনের তারিখ পিছিয়ে গেছে। তবে টিএন্ডটি সূত্র জানিয়েছে, ঈদের পরেই একচেঞ্জটির উদ্বোধন হতে পারে।

চট্টগ্রাম বিএনপির একজন শীর্ষনেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজকে জানিয়েছেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড ফলাও করে প্রচার করার জন্য বহু প্রতীক্ষিত ৮৩২৫৬ লাইনের টেলিফোন এক্সচেঞ্জটি প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করানো হচ্ছে। এক্সচেঞ্জটির বিভিন্ন অংশের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং সংশ্লিষ্ঠ প্রকৌশলীরা বিভিন্ন কারিগরি দিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে রেখেছেন।

টিঅ্যান্ডটি চট্টগ্রাম অঞ্চলের জেনারেল ম্যানেজার সালেহ আহমদ গত ১২ অক্টোবর নন্দনকাননে স্থাপিত নতুন এক্সচেঞ্জ পরিদর্শন করেন।

নতুন কলার আইডি সুবিধা সম্পন্ন এই ৮০ হাজার টেলিফোনসহ চট্টগ্রামে টিঅ্যান্ডটির গ্রাহক সংখ্যা দাড়াবে ১৬৩২৫৬ এ।

টিএন্ডটি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, হাটহাজারী ও সলিমপুরে তিন হাজার করে টেলিফোনসহ নতুন ৮০ হাজার টেলিফোন চট্টগ্রাম অঞ্চলের ক্রমবর্ধমান টেলিফোনের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

কোরিয়ান টেলিকম কোম্পানী ২০০৪ সালের মাঝামাঝিতে একচেঞ্জ বসানোর কাজ শুরু করে এবং চলতি বছরের সেপ্টেম্বরে কাজ শেষ করে। স্থানীয় প্রকৌশলীরা ইতিমধ্যে এক্সচেঞ্জটি পরীক্ষামুলক ভাবে চালু করেছেন।

নতুন করে আন্ডারগ্রাউন্ড ক্যাবল বসানোর কাজ শুরু না হওয়ায় পুরোনো ক্যাবল থেকে নতুন একচেঞ্জটির লাইন সংযোগ দেয়া হবে।

ক্রয় সংক্রান্ত মন্ত্রী সভা কমিটি নতুন ভূ-গর্ভস্থ ক্যাবল স্থাপন প্রকল্পটি অনুমোদন করলেও মন্ত্রাণালয়ের অনুমোদনের অভাবে কবে নাগাদ তা শুরু হবে সে বিষয়ে টিঅ্যান্ডটি কর্মকর্তারা নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

টিঅ্যান্ডটি কর্তৃপক্ষ কিছু এলাকায় নতুন ক্যাবল স্থাপনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ দেয়ার সিদ্ধান্ত নিলেও দীর্ঘদিন ধরে বিভিন্ন এক্সচেঞ্জের অধীনে অনেক গ্রাহক সংযোগের অপেক্ষায় আছে।

বর্তমানের ৮০ হাজার টেলিফোন লাইন কলার আইডি ও সাত ডিজিটে পরিনত করার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।