নীলফামারীতে মঙ্গা আরো তীব্র হয়েছে
মঙ্গা আরো তীব্র হয়েছে বন্যা ও ডায়রিয়া উপদ্রুত নীলফামারীতে। ক্ষুধা নামের পাগলা ঘোড়া দাবড়িয়ে বেড়ানো এবারের মঙ্গা দু’এক দিনের মধ্যে জীবন সংহারি রূপ ধারণ করবে বলে স্থানীয়রা মনে করছেন।
লঘুচাপের ফলে গত তিন দিনের টানা বর্ষনে এখানকার কোন মানুষ ঘর থেকে বের হতে পারেনি। এ কারণে কচু শাক, কলার শাস বা অন্য কিছুও জোগাড় করতে পারেনি তারা। শহরের আশপাশের কিছু লোকজন অফিস আদালতে ভিক্ষে করে এই ক’টা দিন পার করতে পারলেও শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় সে সুযোগও বন্ধ হয়ে গেছে। বুভুক্ষ মানুষগুলোর জন্য সরকার বেশ কিছু ত্রাণ বরাদ্দ দিলেও তা সাপ্তাহিক ছুটি আর সরকারি সিস্টেমের কাছে বন্দি হয়ে আছে জেলা প্রশাসকের দপ্তরে। জেলা প্রশাসক রবীন্দ্রনাথ রায় চৌধুরী জানিয়েছেন, ২৪ বা ২৫ তারিখের মধ্যে এক লাখ ২৫ হাজার ৫শ’ ভিজিএফ কার্ড বিতরণ হবে। একই সময়ের মধ্যে টেস্ট রিলিফের কাজও শুরু হয়ে যাবে। কিন্তু এখনই খাবার চাই, তিন দিন ধরে অনাহারি নীলফামারী সদর উপজেলার চাপড়াসরমজানি ইউনিয়নের ঢিংপাড়ার প্রায় শতবর্ষী রোস্তম আলীর। না হলে পরিবারসুদ্ধ মারা যাবে তারা। এই গ্রামের তিনশ পরিবার একই রকম ক্ষুুধা জর্জরিত।
এদিকে এলাকার সাংসদ আসাদুজ্জামান নূর বৃহষ্পতিবার রাতে সাংবাদিকদের বলেন, মঙ্গা নিয়ে সস্তা রাজনীতির কোন ইচ্ছা আমাদের নেই। আমরা চাই, এই অঞ্চলে প্রতি বছরের মঙ্গার স্থায়ী সমাধান।
আওয়ামী লীগ সাংসদের দাবির প্রেক্ষিতে বৃহষ্পতিবার নীলফামারী জেলার জন্য আরো এক লাখ ২৫ হাজার ৫শ’টি বিশেষ ভিজিএফ কার্ডের সরকারি বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনের তুলনায় এই বরাদ্দ খুবই অপ্রতুল। তারপরও এগুলোর সুষ্ঠু বিতরণ এবং বিতরণের পর মঙ্গা মোকাবেলায় তা কতটুকু কাজে আসছে, তা দেখার বিষয়। তিনি বলেন, এই ভিজিএফ বিতরণের ফলে বড় জোড় দু’তিন দিনের জন্য মানুষের অভাব দূর হতে পারে।
মঙ্গার স্থায়ী সমাধানের লক্ষ্যে নীলফামারীতে উত্তরা ইপিজেড স্থাপনসহ বিগত সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে নূর বলেন, শুধু আওয়ামী লীগের উদ্যোগ বলে সরকার এগুলোকে হয় বন্ধ করে দিয়েছে, নয়তো বন্ধের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, শুধু উত্তরা ইপিজেডের দিকে সরকারের সুদৃষ্টি থাকলে এক থেকে দেড় লাখ পরিবার এ থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপকৃত হতো।
