২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ সামনে রেখে বিভিন্ন রুটে লঞ্চ, স্টিমার ও ফেরি সার্ভিস বাড়ানোর সিদ্ধান্ত, ভাড়া বাড়ানো হবে না

পবিত্র ঈদে দেশের দক্ষিণাঞ্চলের নৌপথের ঘরমুখো যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে অতিরিক্ত লঞ্চ ও স্টিমার এবং ফেরি সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নৌপরিবহণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

এদিকে, লঞ্চ মালিক সমিতির সভাপতি কেএম মাহমুদুর রহমান বিডিনিউজকে বলেছেন, ঈদ-উল-ফিতর উপলক্ষে কোনো প্রকার ভাড়া বৃদ্ধি করা হবে না সকল রুটে নির্ধারিত ভাড়াই যাত্রী পরিবহন করা হবে এবং অতিরিক্ত মালামাল বোঝাই না করার জন্য মালিক সমিতির পক্ষ থেকে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নৌ পরিবহণ মন্ত্রী লে. কর্নেল আকবর হোসেনের (অব.) সভাপতিত্ব সভায় অন্যান্যের মধ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাজিম উদ্দিন আলম, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব মোঃ রফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. রিয়াজ হাসান খন্দকার, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান শামসুর রহমান শিমূল বিশ্বাস, সমুদ্র পরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক ক্যাপ্টেন এ কে এম শফিকউল্লাহ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাত্রী পরিবহণ) সংস্থা, লঞ্চ মালিক সমিতির সভাপতি কেএম মাহমুদুর রহমানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা সিটি করপোরেশন, সংশ্লিষ্ট দফতর, সংস্থা এবং জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পবিত্র ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে লঞ্চসমূহে অতিরিক্ত যাত্রীবহন না করা ও ছাদে যাত্রী না নেয়ার জন্য লঞ্চ মালিকদের প্রতি অনুরোধ জানানো হয়। এছাড়া ফেরি টার্মিনাল, নৌবন্দর টার্মিনালে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করা এবং নৌ বন্দর ও ফেরি টার্মিনাল অভিমুখী রাস্তাগুলো যানজটমুক্ত রাখা ও অবৈধ দোকান-পাট উচ্ছেদ করার সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া ছিনতাই ও চাঁদাবাজিসহ কুলি দ্বারা যাত্রীরা কোনরকম হয়রানির শিকার যেন না হয় সেদিকেও নজর রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়। এছাড়া নদীসমূহে পুলিশ টহল প্রদান করা এবং নিরাপদ, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও আইনানুগ নৌযান চলাচল নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতসহ সকল নদী বন্দরে সমুদ্র পরিবহণ অধিদপ্তরের কর্মকর্তা ও পরিদর্শকদের সক্রিয় এবং তৎপর থাকার নির্দেশ দেয়া হয়।

সভায় লঞ্চ ও স্টিমারের টিকেটে কালোবাজারী ও অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ যাতে উত্থাপিত না হয় সেজন্য লঞ্চ মালিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।