২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ সদর দপ্তরের অফিস সহকারী নাইমউদ্দিনকে হত্যার অভিযোগে একজনকে ফাঁসি ও ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

পুলিশ সদর দপ্তরের অফিস সহকারী নাইমউদ্দিনকে হত্যার অভিযোগে আদালত একজনকে ফাঁসি ও ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 04:16 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

আসামিদের উপস্থিতিতে বৃহস্পতিবার ঢাকার ১নং দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় দেন।

রায়ে আবদুর রউফ দেওয়ানকে ফাঁসি এবং হাকিম দেওয়ান, শামসুল হক দেওয়ান, আনছার আলী ও জাকিরুল ইসলাম জুয়েলকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়। হত্যার দায়ে বিচারক অভিযুক্তদের সবাইকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড এবং নিহতের লাশ গুম করার অপরাধে আসামিদের প্রত্যেককে সাত বছর সশ্রম কারদন্ড ও দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর অতিরিক্ত কারাদন্ডের আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের ২ ফেব্রুয়ারি নিহত নইম তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বড় চালা গ্রাম থেকে কর্মস্থল ঢাকা পুলিশ সদর দপ্তরে মটর বাইকে করে আসার পথে নিখোঁজ হয়। পরে ওই দিন সাভার থানার কবীরপুর বুড়িরটেক কাঁচা রাস্তায় তার লাশ পাওয়া যায়।

তদন্তে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা নাইমকে গাজীপুরের বাহাদুরপুরস্থ সুলাতানা ডেকোরেটরের ভেতরে নিয়ে হত্যা করে লাশ সাভার এলাকায় ফেলে রাখে। এ ব্যাপারে নিহতের স্ত্রী নূরজাহান কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বিচারকালে ২৭ জনের মধ্যে ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়।