কোম্পানীগঞ্জে জুয়েলারি দোকানে ডাকাতিতে কেন্দ্র করে পুলিশ জনতা সংঘর্ষ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ ডাকাতিকে কেন্দ্র করে বৃহস্পতিবার পুলিশ-জনতার সংঘর্ষে গুলিবিদ্ধসহ অর্ধ শতাধিক আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর রাত ৩ টায় বসুরহাট বাজারের হাজী অ্যান্ড সন্স জুয়েলারিতে ট্রাক ও মাইক্রোবাস যোগে ৫০/৬০ জনের সশস্ত্র ডাকাত দল হামলা চালিয়ে নগদ টাকাসহ অর্ধকোটি টাকার স্বর্ণালংকার লুট করে। তাৎক্ষণিকভাবে কোম্পানীগঞ্জ থানায় খবর দেওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে আসতে দেরি করায় ডাকাতদল ফেনী জেলার দাগনভুঁঞা হয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনার প্রতিবাদে বসুরহাট বাজারের ব্যবসায়ীরা সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ধর্মঘট আহ্বান করে। ধর্মঘট চলাকালে সকাল ৯ টার দিকে ব্যবসায়ীসহ হাজার হাজার জনতা কোম্পানীগঞ্জ থানা ঘেরাও করে ওসিকে লাঞ্ছিত করে। এ সময় পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে প্রায় দুইশ’ রাউন্ড গুলি ছুঁড়লে জনতাও পুলিশকে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ ও ভাংচুর চালায়। এতে ২৯ জন পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়। আহতদের মধ্যে ১০ জনেরও বেশি গুলিবিদ্ধ হয়েছে। আহতদের অনেককে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে বলে জানা গেছে।
