পাবনায় ক্রসফায়ারে চরমপন্থি নেতা সাত্তার নিহত
পাবনার র্যাবের সঙ্গে ক্রসফায়ারে বৃহস্পতিবার ভোর রাতে পাঁচটি হত্যাসহ ১০ মামলার আসামি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা আব্দুস সাত্তার ওরফে কিলার সাত্তার নিহত হয়েছে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ পাবনা ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার শহরের এআর কর্নার থেকে তাকে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রাজশাহী র্যাব সদর দপ্তরে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও সহযোগীদের ধরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তার দেওয়া তথ্য অনুযায়ী র্যাব সদস্যরা তাকে নিয়ে বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে পাবনার আতাইকুলা থানার নন্দনপুরে জয়নালের মোড়ের কাছে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র্যাবের গাড়ি লক্ষ করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় সাত্তার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
র্যাব ঘটনাস্থল থেকে একটি শাটার গান, চার আউন্ড গুলি ও একটি হাসুয়া উদ্ধার করে। সাত্তারের বাড়ি আতাইকুলা থানার কুচিয়ামোড়া গ্রামে।
