চট্টগ্রামে ইকবাল হত্যাকাণ্ডের ঘটনায় এক মহিলা গ্রেপ্তার
চট্টগ্রামে ইসলামী ঐক্যজোট নেতা ইকবাল বিন ইয়াকুব হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ গতরাতে এক কোরিয়া প্রবাসীর স্ত্রীকে আটক করেছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুদ্দীন সাংবাদিকদের বলেছেন, এই মহিলার সাথে সম্পর্কের কারণে ইকবাল খুন হয়ে থাকতে পারেন।
এই মহিলার দুই দেবরকে পাওয়া গেলে পুরো ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।
পুলিশ সূত্র জানায়, মহিলাটির সঙ্গেই ইকবাল বৃহস্পতিবার ঢাকা যান। শনিবার সকালে মহিলা ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসলেও ইকবাল চট্টগ্রাম আসেন রাতে। আর রাতে চট্টগ্রাম এসেই খুন হন ইকবাল।
এদিকে পুলিশ সূত্র জানিয়েছে, গতরাতে চট্টেশ্বরী রোডের বাসা থেকে আটক করা ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে মহিলা স্বীকার করেছে, চার বছর ধরে তার সাথে ইয়াকুবের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার তারা ঢাকা যান। হোটেলে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থান করেছেন।
পুলিশ সূত্র আরো জানায়, ‘ম’ আদ্যাক্ষর যুক্ত নামের এই মহিলার সাথে ইকবালের সম্পর্ক নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে গত কিছু দিনের মধ্যে কয়েক দফা ঝগড়া হয়েছে। সর্বশেষ মহিলার দুই দেবর ইকবালের সাথে সম্পর্ক রাখার কারণে মহিলাকে মারধর করেছে।
এই মহিলার শ্বশুরবাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিযায়। তিনি টাঙ্গাইলের একজন সাবেক সংসদ সদস্যের মেয়ে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে গতরাতে ঢাকা থেকে ইকবালের পরিবারকে টেলিফোনে হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ইকবাল হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে আটক জামায়াত নেতা ও আমানাত ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহীমকে দু’দিন জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার দিবাগত রাতে ঢাকা থেকে চট্টগ্রাম আসার পর ইসলামী ঐক্যজোট (আমিনী) চট্টগ্রাম মহানগর শাখার আহবায়ক ও ৯ মে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ইকবাল বিন ইয়াকুবকে অপহরণ করে হত্যা করা হয়। রোববার সকালে কোতোয়ালী থানাধীন গনি বেকারী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
