২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সফল সার্ক সম্মেলন আয়োজন বাংলাদেশের জন্যে বড় চ্যালেঞ্জ : মোরশেদ খান

পরপর দুইবার বাতিল হওয়া সার্ক সম্মেলন আয়োজন নিয়ে তোড়জোড় চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 09:22 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান বলেছেন, সফলভাবে সার্ক সম্মেলন আয়োজন করা বাংলাদেশের জন্যে বড় একটি চ্যালেঞ্জ।

মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুধবার তিনি বলেন, আমাদের অবশ্যই সম্মেলনকে অর্থবহ করে তুলতে হবে। সম্মেলনের সফল আয়োজন এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন আমাদের জন্যে বড় চ্যালেঞ্জ। ভয়াবহ ভূমিকম্পের আঘাতের পরও সম্মেলনে ভারত ও পাকিস্তানের যোগ দেয়ায় সিদ্ধান্তে তিনি ওই দুই দেশকে ধন্যবাদ জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, সম্মেলন চলাকালে দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উদ্দেশ্যে চারটি চুক্তি সাক্ষরিত হবে।

সম্মেলন সফল করতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি উপদেষ্টা কমিটি, জাতীয় কমিটি এবং ১২ টি সাব-কমিটি সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবে।

ইতোমধ্যে সম্মেলনে যোগ দেয়া অতিথিদের জন্যে বরাদ্দকৃত সকল ভেন্যু ও গেস্টহাউজগুলোতে নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

এছাড়াও যে কোনও ধরনের বিদ্যুৎ বিভ্রাট এড়াতে বুধবার অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বৈঠকে বিদ্যুৎ ৫০০ কেভি জেনারেটর স্ট্যান্ডবাই রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্মেলন ভেন্যুতে আইপিএস’র সঙ্গে ৪৮ টি ফ্লেসেন্ট ও হেলোজিন লাইট সংযুক্ত করা হবে।