২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সিগঞ্জে শতাধিক স্থাপনা উচ্ছেদ, সংঘর্ষে আহত ১২

মুন্সীগঞ্জ জেলা শহরের শতাধিক স্থাপনা বুধবার বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়েছে। এসময়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ ১২ জন আহত হয়।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 08:11 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

শহরের লঞ্চঘাট এলাকা থেকে রেড ক্রিসেন্ট পর্যন্ত ৯৩ টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এরমধ্যে ৫/৬ টি বসতবাড়ি ছাড়া সবগুলোই ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়াও শহরের সদর হাসপাতাল রোড়ে ২০ টি স্থাপনা উঠিয়ে দেয়া হয়। প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট গোলাম কবিরের নেতৃত্বে ব্যাপক পুলিশি নিরাপত্তায় এই উচ্ছেদ অভিযান চলে।

সদর উপজেলার ভূমি কর্মকর্তা কামরুজ্জামান জানান, অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্যে সংশ্লিষ্টদের বেশ কয়েকবার নোটিশ দেয়ার পরও তা সরিয়ে না নেয়ায় এই অভিযান পরিচালিত হচ্ছে।

অন্যদিকে, উচ্ছেদকৃত প্রতিষ্ঠানগুলোর মালিকরা জানান, তারা পৌরসভার কাছ থেকে লিজ নিয়ে ৩০/৩২ বছর ধরে এসব স্থাপনা নির্মাণ করেছেন।

এসময়ে ক্ষুদ্ধ এলাকাবাসী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে পুলিশও পাল্টা লাঠিচার্জ করে। এতে দুই পুলিশসহ ১২ জন আহত হয়।

উচ্ছেদকৃত বাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানের মালিকরা কাগজপত্র প্রদর্শন করলেও ভূমি কর্মকর্তা বলেন, অবৈধভাবে লিজ নিয়ে এসব প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে।