২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারী ও শেরপুরে ডায়রিয়া পরিস্থিতির অবনতি, নীলফামারীকে দূর্গত এলাকা ঘোষণা করতে আওয়ামী লীগের মানব বন্ধন পালন

দেশের নীলফামারী ও শেরপুর জেলার ডায়রিয়া পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নীলফামারীতে গত দু’দিনে ৫ জন এবং শেরপুরে ৬ দিনে ৫ জন মারা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

খোঁজ নিয়ে জানা গেছে, বন্যার পানি চলে যাওয়ার কারণে নীলফামারীতে এবং অভাবের তাড়ণায় অখাদ্য খেয়ে শেরপুরে মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

এদিকে নীলফামারী জেলাকে দূর্গত এলাকা ঘোষণা করে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দের দাবিতে আওয়ামী লীগ নীলফামারীতে মানববন্ধন পালন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে।

বিডিনিউজ নীলফামারী প্রতিনিধি জানান, গত দু’দিনে ৫ জনের মৃত্যু হওয়ায় সাত দিনে নীলফামারী জেলায় ডায়রিয়া আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্য হলো।

মঙ্গলবার জলঢাকা উপজেলার কইমারী ইউনিয়নের বালাপাড়া গুচ্ছগ্রামের আবদুল মামুদ (৬০) ও কিশোরগঞ্জ ইউনিয়নের নিতাই ইউনিয়নের গুয়াপাড়া গ্রামের আবদুল মজিদ (৬২) এবং বুধবার সদর উপজেলার চওড়াবড়গাছা ইউনিয়নের ভাঙ্গামাল্লি গ্রামের মোখলেছার রহমানের কন্যা মারুফা (৭), কচুকাটা ইউনিয়নের ডাঙ্গাপাড়ার স্বামী পরিত্যাক্তা মারুফা বেগম (২৬) এবং ডিমলা সদর ইউনিয়নের পঁচারহাট গ্রামের ওহিদুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (৩০) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। ডিমলা উপজেলার তিস্তা নদীর দুর্গম চরাঞ্চলে হাজার হাজার মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হলেও সেখানে স্বাস্থ্য বিভাগের কোন রকম তৎপরতা নেই।

পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের গঠিত পর্যবেক্ষক টিমের সদস্য এডিসি (জেনারেল) আলেফ উদ্দিন সরকারী হাসপাতালগুলো থেকে গুরুত্বর অসুস্থ্য রোগীদের রেখে বাকীদের বের করে দিয়ে সেখানে ডায়রিয়া রোগীদের রাখার নির্দেশ দিয়েছেন। গোড়গ্রাম ইউনিয়নে খোলা অস্থায়ী মেডিকেল ক্যাম্পে স্থান না পেয়ে ডায়রিয়া আক্রান্ত অনেক রোগী ফিরে যাচ্ছে। বুধবার দুপুরে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের এই অস্থায়ী ক্যাম্পে ৩৩ জন রোগীকে গাঁদাগাদি করে থাকতে দেখা গেছে।

বিডিনিউজ শেরপুর প্রতিনিধি জানান, ১৩ অক্টোবর থেকে ১৯ তারিখ পর্যন্ত সদর উপজেলার আলিনা পাড়ার মনি বেগম (৮), শ্রীবরদীর কাকিলাকুড়া গ্রামের সাফিউদ্দিন (৫০), পাকুরিয়া চশপাড়া গ্রামের ফরিদ মিয়া (১২), শ্রীবরদীর নূরুল আমীন (১১) এবং নালিতাবাড়ির ৫০ বছর বযসের এক বৃদ্ধ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে।

এ জেলার সদর, নালিতাবাড়ি, ঝিনাইগাতি ওশ্রীবর্দী উপজেলায় নতুন নতুন এলাকায় প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তের সংখ্যা বর্তমানে সহস্রাধিক।

জেলার স্বাস্থ্য বিভাগের মতে, অজ্ঞতা, কুসংস্কার ও অসচেতসতার কারণে ডায়রিয়ার বিস্তার ঘটছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, অভাবের তাড়নায় অখাদ্য-কুখাদ্য খেয়ে মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

এদিকে সিভিল সার্জন অফিস গত এক সপ্তাহে ডায়রিয়ায় দুই জনের মৃত্যুর কথা স্বীকার করেছে। তবে বেসরকারি সংস্থাগুলোর মতে, আক্রান্তের হার সরকারি হিসেবের অনেক বেশি।

জেলার সিভিল সার্জন ডা: ফিরোজ মিয়া বুধবার ডায়রিয়ায় আক্রান্ত শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলা পরিদর্শন করেছেন।

অন্যদিকে বিডিনিউজ নীলফামারী প্রতিনিধি জানান, ক্রমেই মঙ্গা ও ডায়রিয়া পরিস্থিতির ভয়াবহ অবনতি হওয়ায় বুধবার সকালে স্থানীয় চৌরঙ্গী মোড়ে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দের দাবিতে আওয়ামী লীগের জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে তারা মিছিল করে ডিসি অফিস ঘেরাও করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।

মানববন্ধন চলা কালে নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, এতো বড় এই বিপর্যয়ের পরও সরকারের কোন মন্ত্রী-এমপি এমনকি জেলা পর্যায়ের কোন নেতাও দু:খি মানুষের খোঁজ নেয়নি। নেতৃবৃন্দ উল্লেখ বলেন, এই পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ হলে আওয়ামী লীগের পক্ষ থেকে নঙ্গরখানা খুলে অসহায় এই মানুষগুলোকে রক্ষা করার চেষ্ঠা করা হবে।

কর্মসূচিতে আওয়ামী লীগের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জোনাব আলী, আওয়ামী লীগ নেতা মুসফিকুল ইসলাম রিন্টু, মহিলা আওয়ামী লীগের জেলা কমিটির সভানেত্রী রাবেয়া আলীম, যুবলীগের জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট রমেন্দ্রনাথ বর্দ্ধণ বাপী, সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ প্রমূখ বক্তৃতা করেন।