বিদ্যুৎ সংকটের ব্যাপারে নিজের অসহায়ত্ব প্রকাশ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বুধবার বিরাজমান বিদ্যুৎ সংকট সমাধানের ব্যাপারে অসহায়ত্ব প্রকাশ করেছেন।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বুধবার তিনি অসহায়ত্ব প্রকাশ করে বলেন, আমাকে এড়িয়ে বিদ্যুৎ প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে। বিদ্যুৎ সংকটের সমাধান আমি কীভাবে করব?
তিনি বলেন, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের নিয়ে গঠিত কমিটিকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর দায়দায়িত্ব দেওয়া হয়েছে।
সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আওয়ামী লীগের সদস্যরা উপস্থিত ছিলেন না। শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির সদস্য হাবিবুল ইসলাম ও নাজিম উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সদস্যদের অনুপস্থিতির কারণে বৈঠকটি ওয়ান পার্টি শো'তে পরিণত হয়।
দেশে বর্তমানে বিরাজমান বিদ্যুৎ পরিস্থিতির ব্যাপারে বৈঠকে সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা তাদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, বিদ্যুৎ সংকটের বিষয়টি আগামী নির্বাচনে বিএনপি’র ওপর খারাপ প্রভাব ফেলবে।
তারা বলেন, বর্তমান বিদ্যুৎ সংকটের কারণে তৃণমূল পর্যায়ের মানুষের মধ্যেও হতাশা বিরাজ করছে।
বর্তমান সরকারের আমলে সারা দেশে ১৫টি বিদ্যুৎ উৎপাদন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং প্রকল্পগুলোর মাধ্যমে মোট দুই হাজার ৯১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
বৈঠকে সদস্যরা বলেন, প্রতিদিন ৭০০ থেকে ৮০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতির মুখোমুখি হতে হয়। সঠিক সময়ে প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশে আজ এ বিদ্যুৎ সংকট সৃষ্টি হত না।
এদিকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ২০০৬ সালের মার্চের মধ্যে জাতীয় বিদ্যুত গ্রিডে আরও ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন যুক্ত হবে।
কাউকে সুনির্দিষ্টভাবে দায়ী না করে স্থায়ী কমিটির সদস্য সরদার শাখাওয়াত হোসেন বকুল বলেন, একটি ‘রাজনৈতিক বা অরাজনৈতিক গোষ্ঠী’ বিদ্যুৎ সংকট নিরসনে সরকারের ব্যর্থতা প্রমাণের অপচেষ্টা চালাচ্ছে। তিনি বিদ্যুৎ সংকটের ব্যাপারে বিভ্রান্তিকর ও চাঞ্চল্য সৃষ্টিকারী সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকে দায়ী করেন।
কমিটির সদস্য হাবিবুল ইসলাম বর্তমান বিদ্যুত পরিস্থিতির ব্যাপারে হতাশা ব্যক্ত করে বলেন, ইফতার, সেহরি ও নামাজের সময় লোডশেডিং হওয়ার কারণে জনগণ ক্ষুব্ধ। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমি আমার এলাকায় এ কারণে মুখ দেখাতে পারি না।
সঠিক সময়ে কেন প্রকল্পগুলো বাস্তবায়িত হয়নি এ ব্যাপারে কমিটির চেয়ারম্যান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে বৈঠকে জানতে চাইলে তারা বলেন, দরপত্র ও পুনঃদরপত্র আহ্বানের কারণে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হয়েছে।
যত শিগগির সম্ভব বিদুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন বলে বৈঠকে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী জানান, ৯০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি শিগগিরই চালু হবে এবং ১৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন শম্ভুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি ২০০৬ সালের মার্চ থেকে চালু হবে।
বৈঠকে টঙ্গি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আগামী ২৪ অক্টোবরে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে রিপোর্ট প্রদান করতে বলা হয়।
