কুষ্টিয়ায় র্যাবের ক্রসফায়ারে ছাত্রলীগের সাবেক নেতা তিতাস নিহত
কুষ্টিয়ার সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা হাসান তিতাস (৩২) মঙ্গলবার দিবাগত রাত একটায় র্যাবের সাথে ক্রসফায়ারে নিহত হয়েছে। সদর উপজেলার চরমপন্থী অধ্যুষিত এলাকা আলামপুরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দু’টি শাটারগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের অন্যতম শীর্ষ নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী তিতাসের বিরুদ্ধে চারটি হত্যাসহ অন্তত দশটি মামলা রয়েছে।
এদিকে নিহত তিতাসের পরিবার ও তার দলের পক্ষ থেকে এই হত্যাকান্ডকে পরিকল্পিত রাজনৈতিক হত্যাকান্ড বলে আখ্যায়িত করেছে। ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি মাজহারুল ইসলাম সুমন জানান, তিতাস কুষ্টিয়া ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি ও জেলা কমিটির সাবেক সহ সম্পাদক। তিনি জানান, তিতাস কোন চরমপন্থী দলের সদস্য ছিল না।
আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক আজগর আলী ও ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুর রহমান সুমন এই হত্যাকান্ডে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রাজনৈতিক কারণেই তিতাসকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কুষ্টিয়ার কুঠিপাড়ার মৃত মতিয়ার রহমানের ছেলে তিতাস কুষ্টিয়া সুগার মিলে অস্থায়ী চাকুরিরত ছিল। সোমবার সকালে র্যাব ৬ এর কুষ্টিয়া ইউনিটের সদস্যরা পৌর বাজার থেকে তিতাসকে গ্রেফতার করে। র্যাবের ভাষ্যমতে, গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে সে চরমপন্থী ক্যাডার ও অস্ত্র ভান্ডারের সন্ধান দেয়। রাত একটার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হয় র্যাব। সদর উপজেলার আলামপুরের একটি পান বরজের কাছে পৌঁছামাত্র ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা র্যাবের দলটিকে লক্ষ্য করে গুলি চালায়। দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে পালাতে গিয়ে ক্রসফায়ারে পড়ে গুলিবিদ্ধ হয় তিতাস। দ্রুত হাসপাতালে নেওা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
