সিলেটে বিচারকের ওপর বোমা হামলার জের: খুলনা আদালত পাড়ায় কঠোর নিরাপত্তা, সন্দেহজনক ৫ জনকে আটক
সিলেটে মঙ্গলবার বিচারকের ওপর বোমা হামলার ঘটনার পর খুলনার আদালত পাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আদালত পাড়ায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার অভিযোগে বুধবার পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল থেকে খুলনা জেলা ও দায়রা জজ আদালত, সিএমএম আদালতের প্রবেশদ্বারসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিচারকের এজলাসের সামনে, আদালত চত্বর এবং আদালতের বাইরে রাস্তার বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় আদালতে প্রবেশের মুখে সন্দেহজনক ব্যক্তিদের মেটাল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশি করা হচ্ছে।
এছাড়া গ্রাউন্ড মেটাল ডিটেক্টর দিয়ে আদালত চত্বরসহ আশপাশের এলাকায় তল্লাশি করা হয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য আদালত এলাকায় সতর্ক নজরদারী রেখেছে বলে পুলিশের একটি সূত্র জানায়। কিছু সময় পরপর র্যাব সদস্যরা টহল জারি রেখেছে। উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আদালত চত্¡রে অবস্থান করছেন। অপরদিকে খুলনা জেলা আইনজীবী সমিতি ভবনেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আদালত এলাকায় পুলিশ যাদের গ্রেপ্তার করেছে, তারা হলো-খুলনা জেলার তেরখাদা উপজেলার মৃত্যুঞ্জয় বাড়ৈ, শিবনাথ বিশ্বাস ও হংসপতি বিশ্বাস, বাগেরহাটের প্রদীপ মৃধা ও গোপালগঞ্জের কনক চন্দ্র বিশ্বাস।
