২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমে উঠেছে খুলনার ঈদ বাজার

হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসবের আমেজ কাটতে না কাটতেই মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের কেনা-কাটা জমে উঠেছে। ইতোমধ্যে খুলনা মহানগরীর ছোট-বড় মার্কেট ও শপিং মলগুলোতে বেশ ভীড় লক্ষ্য করা যাচ্ছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 12:05 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

ঈদ বাজার মানেই নিউ মার্কেট-নাগরিক জীবনের এ ধারণা এখন বদলে গেছে। শহরের প্রায় সবখানে এখন শপিং এরিয়া বা কমপ্লেক্স গড়ে উঠেছে। পুরো পরিবারের জন্য এগুলোতে বাজার করা সুবিধাজনক। নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত খুলনা শপিং কমপ্লেক্স এবার নতুনভাবে সজ্জিত করা হয়েছে। এর অনতিদূরেই জলিল টাওয়ার, আক্তার চেম্বার, হাজী মালেক চেম্বার, এস এম এ রব শপিং কমপ্লেক্স, এশা চেম্বার, শহীদ সোহরাওয়ার্দী মার্কেট, রেলওয়ে বিপনী বিতান, দরবেশ চেম্বার, খান জাহান আলী হকার্স মার্কেট, হ্যানিম্যান মার্কেট রয়েছে।

তাছাড়াও নগরীতে বড় ফ্যাশন হাউজের মধ্যে রয়েছে মীনা বাজার, আড়ং, প্রাইড, সেভ অ্যান্ড সেভ ইত্যাদিতে পেয়ে যাবেন আপনার পরিবারের জন্য পছন্দের পোশাক।

নগরীর দৌলতপুর-খালিশপুরেও গড়ে উঠেছে পোশাকের নিত্য নতুন শপিং হাউজ।

ঈদে উচ্চ মধ্যবিত্ত ও ধনীদের কেনা-কাটার অন্যতম স্থান নিউ মার্কেট, আড়ং, সেভ অ্যান্ড সেভ, প্রাইড, মীনা বাজার, ও খুলনা শপিং কমপ্লেক্স। মার্কেটগুলোতে দেশী-বিদেশী ব্রান্ডের পাঞ্জাবী, শার্ট, প্যান্ট,ফতুয়া এবং মহিলাদের জন্য শাড়ী, ফিউশন বা সালোয়ার-কামিজ, থ্রি পিস, টু পিসের বৈচিত্রপূর্ণ ডিজাইনের সম্ভার ক্রেতাদের মুগ্ধ করছে। নিউ মার্কেটের পাঞ্জাবী বিতানে অভিজাত ব্রান্ডের সিল্কের পাঞ্জাবী পাওয়া যাচ্ছে। এগুলোর দাম ৯শ’ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত।

জামদানি শাড়ী হাউজে ডেমরা জামদানি শাড়ী রয়েছে। ভিটু গার্মেন্টসে ভার্সেস, মানচেষ্টার, কার্ডস্টোন শার্ট, টি শার্ট, গেঞ্জি ও বিভিন্ন ব্রান্ডের বিদেশী প্যান্ট পাবেন ৫৫০ থেকে দুই হাজার টাকার মধ্যে। তনু বাহার, বিশাল শাড়ী প্যালেস, আমিন গার্মেন্টস, হাসান এন্টারপ্রাইজ, রাজশাহী সিল্ক, গাংচিল, ড্যান্ডি শো রুমেও রয়েছে হরেক রকম শাড়ী, টুপিস, থ্রিপিস, সালোয়ার কামিজ, শার্ট, প্যান্ট, পায়জামা-পাঞ্জাবি। রকমভেদে এ কাপড়গুলোর দাম পড়বে ৩০০ টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত।

আড়ং, সেভ অ্যান্ড সেভ, প্রাইড ,মীনা বাজার ও খুলনা শপিং কমপ্লেক্সে ক্রেতাদের নিত্য নতুন ডিজাইনের চাহিদার প্রতি লক্ষ্য রেখে এ বছরও আনা হয়েছে বৈচিত্র্যপূর্ণ পোশাক। আড়ং-এর কাপড়ে বরাবরই কারুকার্য, নকশায় অভিনবত্ব থাকে আর কাপড়ের বুনন ও রঙ-এর বৈচিত্র্য এক কথায় অতুলনীয়।

ভালো কসমেটিক্স, ডিনার সেট, আকর্ষণীয় ডিজাইনের মগ, রঙ-এর চামচ, বিভিন্ন কাপ সেটের জন্য এ মার্কেটগুলোর পাশাপাশি যেতে পারেন পিকচার প্যালেস এলাকার এশা চেম্বারের সুজা উদ্দিন স্টোর, রংধনু এবং শহীদ সোহরাওয়ার্দী মার্কেটে।

রকমারী প্যান্ট, শার্ট এবং মেয়েদের থ্রি পিসের সিট কাপড়ের জন্য উপযুক্ত স্থান হলো আক্তার চেম্বার ও শহীদ সোহরাওয়ার্দী বিপনী বিতান। আক্তার চেম্বারের টেইলার্সগুলো ক্রেতাদের পছন্দের ডিজাইনের প্যান্ট, শার্ট ও স্যুট তৈরি করে ইতিমধ্যে সুনাম কুড়িয়েছে।

ঈদে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের জন্য শহীদ সোহরাওয়ার্দী বিপনী বিতান, হ্যানে রেলওয়ে বিপনী বিতান, খাঁজা খানজাহান আলী হকার্স মার্কেট অন্যতম। রোজার শুরু থেকেই বিভিন্ন ধরনের পোশাক, শাড়ী, পায়জামা-পাঞ্জাবির পসরা সাজিয়েছে এ মার্কেটগুলো। এখানে পাঞ্জাবি-পায়জামা, সিট কাপড় ও বেড সিটসহ ঘর সাজানোর জিনিসপত্র খুচরা ও পায়কারী বিক্রয় করা হয়। সুতি, সিল্ক, তসরসহ বিভিন্ন ধরনের রকমারি পাঞ্জাবি রয়েছে এখানে। সুতি পাঞ্জাবির দাম ১২০ থেকে সাতশ’ টাকা, সিল্ক ও তসর পাঞ্জাবি ২০০ থেকে আটশ’ টাকায় বিক্রি হচ্ছে। বাচ্চাদের পাঞ্জাবির সেট পাওয়া যাচ্ছে ১২০ থেকে তিনশ’ টাকার মধ্যে।

রকমারী চশমার জন্য পৌর সুপার মার্কেট এবং জুতা-স্যান্ডেলের জন্য সিমেট্রি রোড, হাজী মালেক চেম্বার, স্টেডিয়ামই যথেষ্ট। তবে উচ্চবিত্ত পরিবারগুলো অভিজাত মার্কেটগুলোই গেলে এক সাথে সব কিছু পেয়ে যাবেন।

এদিকে নগরীর শপিং মলগুলোর বর্ণিল আলোকসজ্জা জানান দিচ্ছে ঈদের আগাম আয়োজন। যদিও বিদ্যুৎ সংকটের কারণে আলোকসজ্জা সরকারিভাবে নিষিদ্ধ।