২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বিচারকের ওপর বোমা হামলা, হামলাকারী আটক

সিলেটের কুমারপাড়ায় মঙ্গলবার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের একজন বিচারকের গাড়ি লক্ষ্য করে পর পর দু’টি বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে বিচারক বিপ্লব গোস্বামী পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে তিনি এখন শঙ্কামুক্ত আছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 09:36 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

ঘটনার পর স্থানীয় জনতা বোমা নিক্ষেপকারী যুবককে আটক করে গণপিটুনি দেয়। প্রথমে টহল পুলিশ এবং পরে র‌্যাব খবর পেয়ে ঘটনাস্থলে এসে সন্ত্রাসী যুবককে আটক করে ডিবি অফিসে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আটককৃত যুবকের নাম আখতার হোসেন এবং তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়।

দ্রুত বিচার আদালতের বিচারক বিপ্লব গোস্বামী মঙ্গলবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মুক্তিযোদ্ধা সিদ্দেক আলী হত্যা মামলার রায় প্রদান করেন। এতে পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দু’জন পলাতক আছে।

বিচারকের গাড়ির চালক আবদুস সালাম জানান, মামলার রায় প্রদান করে বিকেল ৫টার পর একটি প্রাইভেট কারযোগে বিচারক বিপ্লব গোস্বামী বাসার উদ্দেশে রওয়ানা হন। কুমারপাড়া জামে মসজিদের বিপরীতে বাসার সামনে আসলে বিকেল ৫টা ২০ মিনিটে চালক গাড়ির দরজা খুলে দেওয়ার পর বোমা হামলার ঘটনা ঘটে। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হলেও বিচারক পায়ে সামান্য আঘাতপ্রাপ্ত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোমা নিক্ষেপ করেই হামলাকারী যুবক দৌড়ে পালাতে থাকে। এসময় গাড়ির চালক সালাম তার পিছু ধাওয়া করলে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর থেকে লোকজন সালামের সাথে যোগ দেয়। আখতার তখন জনতার প্রতি লক্ষ্য করে আবার একটি বোমা নিক্ষেপ করে। কিন্তু জনতা ঝুঁকি নিয়েও হামলাকারীকে ধরে ফেলে। জনতা তার কাছ থেকে আরও একটি বোমা উদ্ধার করে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। এরপর উত্তেজিত জনতা গণপিটুনি দিতে থাকে। গুরুতর আহত অবস্থায় র‌্যাব হামলাকারীকে উদ্ধার করে।

বার বার চেষ্টা করেও বিচারকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যরা বোমা হামলার তদন্ত শুরু করেছে। আটক বোমাবাজ যুবকের সাথে জেএমবি নাকি ওই হত্যা মামলার সাজাপ্রাপ্তদের যোগসূত্র রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।