২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বন্যা কবলিত মানুষের দুর্ভোগ চরমে, ডায়রিয়ায় কমপক্ষে ২০ জনের মৃত্যু

সারাদেশে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হলেও পানি নেমে না যাওয়ায় সৃষ্ট জলাবদ্ধতা থেকে পানি বাহিত রোগের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর পাশাপাশি খাদ্য, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইনের সংকটের কারণে বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ চরম পৌঁছেছে। ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থানে ডায়রিয়ায় কমপক্ষে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

বিডিনিউজ নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁ ও পাশ্ববর্তী সান্তাহারে বন্যা কবলিত মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সার্বিক বন্যা পরস্থিতির উন্নতি হলেও নওগাঁ সদর ও নিম্নাঞ্চল এখনও বন্যা কবলিত রয়েছে। সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও মানুষজন এখনও উচু রাস্তা, বাঁধ এবং আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়িতে ফিরে যায় নি। সোমবার রাতে বৃষ্টিতে তাদেরকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।

অন্যদিকে সান্তাহারে সাতদিন ধরে ত্রাণ সরবরাহ না করায় বিশুদ্ধ পানি, স্যালাইন, খাবারের অভাবে দুর্বিসহ অবস্থার সৃষ্টি হয়েছে।

নওগাঁ শহর ও নিম্নাঞ্চলের জলাবদ্ধ পানিতে পচন ধরে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। ইতোমধ্যেই গত সাতদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেলায় দুইজনের মৃত্যু হয়েছে। জেলায় ১২৭ টি মেডিকেল টিম থাকলেও তাদের কোনও তৎপরতা চোখে পড়ে না।

মঙ্গলবার ছোট যমুনা ও আত্রাই নদীর পানি বিপদ সীমার ১০ দশমিক ৩৮ সেন্টি মিটার নিচে দিয়ে প্রবাহিত হয়েছে।

বিডিনিউজ নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীতে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ডায়রিয়া পরিস্থিতির আরো অবনতি হয়েছে। জলঢাকা উপজেলার কইমারী ইউনিয়নের বালাপাড়া গুচ্ছগ্রামের মৃত আবদুর রহীমের পুত্র আবদুল মামুদ (৬০) ও কিশোরগঞ্জ ইউনিয়নের নিতাই ইউনিয়নের গুয়াপাড়া গ্রামের মৃত আমানুল্লাহ’র পুত্র আবদুল মজিদ (৬২) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাহীন অবস্থায় মারা যান।

রংপুরে সার্বিক ডায়রিয়া পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত এক সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৭২৭ জন রোগী ভর্তি হয়েছে বলে জেলা সিভিল সার্জন সূত্র জানায়। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গঙ্গাচড়া ইতোমধ্যেই উপজেলায় দু’জনের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ১২টা পূর্ববর্তী ২৪ ঘন্টায় ২০৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তির কথা জানিয়েছে। সরকারী ভাবে গত সাত দিনে এক হাজার ৬০ জন মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়েছে বলে দাবি করা হলেও এর প্রকৃত সংখ্যা চারগুণেরও বেশী।

নীলফামারি প্রতিনিধি জানান, সিভিল সার্জন অফিস গত এক মাসে এই রোগে মাত্র একটি শিশুর মৃত্যুর কথা দাবি করলেও জেলা প্রশাসক তিন জনের মৃত্যুর কথা স্বীকার করেছেন। প্রকৃতপক্ষে এরই মধ্যে অন্তত ১৬ জন মানুষের মৃত্যুর খবর মিলেছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কিকরণ কেন্দ্র (এফএফডবি¬উসি) সূত্র জানায়, ব্রক্ষ্মপুত্র ও যমুনা নদীর পানি সকল পয়েন্টে হ্রাস পেয়েছে এবং ভাগ্যকূলে গঙ্গা ও পদ্মা নদীর পানি সকল পয়েন্টে হ্রাস পেয়েছে।

এফএফডবি¬উসি সূত্র আরও জানায়,পর্যবেক্ষণ করা মোট ৮৬ টি পয়েন্টের মধ্যে ১৩ টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়েছে ৫৭টি পয়েন্টে এবং অপরিবর্তিত রয়েছে ২ টি পয়েন্টে।

গঙ্গা-পদ্মা অববাহিকায় পানখায় ৮ সে.মি.হার্ডিঞ্জ ব্রিজে ১৮ সে.মি. গোয়ালন্দে ৫ সে.মি এবং ভাগ্যকূলে ২ সে.মি হ্রাস পেয়েছে।

পঞ্চগড়ে করতোয়া নদীর পানি কিছুটা হ্রাস পেয়েছে। দিনাজপুরে পুনর্ভবা নদীর পানি আরও ৫ সে.মি হ্রাস পেয়েছে। গড়াই রেলওয়ে সেতুতে গড়াই নদীর পানি ২ সে.মি এবং কামারখালিতে ৬ সে.মি হ্রাস পেয়েছে। এই অববাহিকার সকল নদনদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ব্রক্ষ্মপুত্র অববাহিকায় ব্রক্ষ্মপুত্র ও যমুনা নদীর পানি নুনখাওয়ায় ৮ সে.মি, চিলমারি ও বাহাদুরাবাদে ১১ সে.মি করে, সিরাজগঞ্জে ১২ সে.মি,এবং আরিচায় ৮ সে.মি হ্রাস পেয়েছে। ডালিয়ায় তিস্তা নদীর পানি ৩৩ সেমি এভং কাউনিয়ায় ২১ সে.মি হ্রাস পেয়েছে। পুরাতন ব্রক্ষ্মপুত্র জামালপুরে ২৭ সে.মি এভং ময়মনসিংহে ১৪ সে.মি হ্রাস পেয়েছে। সকল নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

মেঘনা অববাহিকায় সুরমা নদীর পানি কানাইঘাটে ২৭ সে.মি, সিলেটে ২২ সে.মি এবং সুনামগঞ্জে ৬ সে.মি হ্রাস পেয়েছে। আমলশিদে কুশিয়ারা নদীর পানি ১২ সে.মি, শেওলায় ১০ সে.মি এবং শেরপুরে ৭ সে.মি হ্রাস পেয়েছে। মনু নদী চটলাঘাটে ১১ সে.মি, মনু রেল সেতুতে ২ সে.মি, মৌলভী বাজারে ৫ সে.মি, হ্রাস পেয়েছে। অন্যদিকে হবিগঞ্জে খোয়াই নদীর পানি ৫৮ সে.মি বৃদ্ধি পেয়েছে। কমলগঞ্জে দালাই ৩৪ সে.মি বৃদ্ধি পেয়েছে। মেঘনা নদীর কামারখালিতে পানি ৪ সে.মি হ্রাস পেয়েছে। সকল নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

দক্ষিণ-পূর্ব পার্বত্য এলাকায় হালদা নদীর পানি নারায়ণঘাটে ১০ সে.মি, হ্রাস পেয়েছে।পরশুরামে মুহুরী নদীর পানি ১২ সে.মি হ্রাস পেয়েছে। অন্যদিকে দোহাজারীতে সাঙ্গু নদীর পানি ১৮ সে.মি এবং বান্দরবানে ২৪ সে.মি বৃদ্ধি পেয়েছে। মাতামুহুরী লামাতে ১০ সে.মি এবং চিরিঙ্গাতে ৪ সে.মি হ্রাস পেয়েছে। সকল নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এফএফডবি¬উসি সূত্র আরও জানায়, গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত) ব্রক্ষ্মপুত্র ও গঙ্গা অববাহিকার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু’এক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। মেঘনা অববাহিকার কয়েক জায়গায় হালকা বৃষ্টিপাত এবং দক্ষিণ-পূর্ব পার্বত্যা এলাকায় এ সময়ে কোনও বৃষ্টিপাত রেকর্ড করা হয় নি।

এ সময়ে কুড়িগ্রামে ১০৫ মি.মি, যশোরে ৪৫ দশমকি ৬ মি.মি, সাতক্ষিরায় ৩৩ দশমকি ৫ মি.মি, নওগাঁয় ২৮ মি.মি এভং টাঙ্গাইলে ১৭ দশমকি ২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।