বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা প্রত্যাহার এবং নিয়োগ সংক্রান্ত কমিশনের চিঠির ওপর হাইকোর্টের স্থগিতাদেশ
বিলুপ্ত দুর্নীতি দমন কমিশনের ২৬৫ জন কর্মকর্তাকে প্রত্যাহার এবং ৩৩ জন কর্মকর্তাকে কমিশনে নিয়োগ সংক্রান্ত মন্ত্রীপরিষদের প্রস্তাবের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের একটি চিঠির ওপর মঙ্গলবার ১৫ নভেম্বর পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট।
একেএম জায়েদ হোসেনসহ দুর্নীতি দমন ব্যুরোর ১৫ জন কর্মকর্তার দায়ের করা একটি রিট পিটিশনের জবাবে হাইকোর্টের বিচারপতি সৈয়দ মো. দস্তগীর এবং বিচারপতি আশফাকুল ইসলাম এ আদেশ দেন। তারা একই সময়ে কমিশনের প্রতি একটি রুল জারি করেন এবং কেন ৩৩ কর্মকর্তাকে কমিশনে নেয়া হবে না সে ব্যাপারে দুর্নীতি দমন কমিশনকে কারণ দর্শানোর নোটিশ দেন।
এ বছরের ৬ মার্চ, ২৯ জুলাই এবং ৭ সেপ্টেম্বর দুর্নীতি দমন ব্যুরোর ৩৩ কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনে নিয়োগ দেয়া হয়। কমিশন ২ অক্টোবর ওই ৩৩ কর্মকর্তার নিয়োগ এবং ২৬৫ কর্মকর্তাকে প্রত্যাহারের জন্য মন্ত্রী পরিষদে চিঠি দেয়। কমিশনের এ চিঠির বিরোধিতা করে হাইকোর্টে পিটিশনটি দাখিল করা হয়।
সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল করুণাময় চাকমা এবং পিটিশন দায়ের কারীদের পক্ষে ব্যারিস্টার ওমর সাদাত ও অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন মামলাটি পরিচালনা করেন।
